ত্রিশালের দুর্ঘটনায় নিহত বেড়ে সাত, পাঁচজন একই পরিবারের
- আপলোড তারিখঃ
১৭-১০-২০২১
ইং
সমীকরণ প্রতিবেদন:
ময়মনসিংহের ত্রিশালের চেলেরঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের বলে জানা গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন। একই পরিবারের নিহতরা ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের মড়লবাড়ি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। নিহতরা হলেন- ফজলুল হক (৩৫), তার স্ত্রী ফাতেমা বেগম (২৮), তাদের ছেলে আব্দুল্লাহ (৬), তাদের মেয়ে আজমিনা (৯) এবং ফজলুল হকের শ্বশুর নজরুল ইসলাম (৫৫)। বাকি নিহতরা হলেন একই উপজেলার মিরাজ (৩৫) এবং ভালুকা উপজেলার নিশিন্দা এলাকার হেলেনা আক্তার (৪০)। হেলেনা সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী দুইটি বাস পাশাপাশি প্রতিযোগিতা করে দ্রুত গতিতে যাচ্ছিল। এদিকে চেলেরঘাট এলাকায় একটি ড্রাম ট্রাক দাঁড়ানো ছিল। পাল্লা দিয়ে চলা দুটি বাসের মধ্যে একটি ট্রাকটির পাশ দিয়ে চলে গেলেও শেরপুরের শ্যাপার এমএ রহিম পরিবহনের বাসটির পেছনের অংশ ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসটির পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। মমেক হাসপাতালে আহত অবস্থায় বর্তমানে ১১ জন ভর্তি রয়েছেন। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহসড়কে যান চলাচল বন্ধ ছিল। মূলত দুই বাসের প্রতিযোগিতায় ওভারটেকের কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওসি মাঈন উদ্দিন। তিনি জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর থেকে চালক পলাতক থাকলেও তাকে ধরতে অভিযান চলছে।
কমেন্ট বক্স