নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালন, চুয়াডাঙ্গায় আলোচনা সভায় ডিসি নজরুল ইসলাম কন্যাশিশুদের মানসম্মত শিক্ষা ও পুষ্টির চাহিদা নিশ্চিত করতে হবে সমীকরণ প্রতিবেদন: কন্যা শব্দের অনেকগুলো বিকল্প শব্দ আছে, যেমন দুহিতা, আত্মজা, তনয়া, সুতা, নন্দিনী, মেয়ে, দুলারী ইত্যাদি। মেয়ে শিশুরা কখনোই যে অবহেলার বিষয় নয়, এই ডিজিটাল যুগে তা অনেকভাবেই প্রমাণিত। গতকাল ছিল জাতীয় কন্যাশিশু দিবস। দেখা যায়, কন্যা সম্পর্কিত তিনটি দিবস চালু রয়েছে। যার একটি কন্যা দিবস (ডটার্স ডে)। এটি পালিত হয় সেপ্টেম্বরের শেষ রোববার, আরেকটি জাতীয় কন্যাশিশু দিবস (গার্ল চাইল্ড ডে) ও অবশিষ্টটি আন্তর্জাতিক কন্যাসন্তান দিবস। জাতীয় কন্যাশিশু দিবসের জন্য নির্ধারিত দিন হচ্ছে ৩০ সেপ্টেম্বর। দিবসটি পালনে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গাসহ সারা দেশে র্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। এবারে দিবসটির প্রতিপাদ্য ‘আমরা কন্যা শিশু, প্রযুক্তিতে হবো সমৃদ্ধ, ডিজিটাল বাংলাদেশ গড়বো’। চুয়াডাঙ্গা: ‘আমরা কন্যা শিশু, প্রযুক্তিতে হবো সমৃদ্ধ, ডিজিটাল বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২১। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য এ বিপুলসংখ্যক কন্যাশিশুর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা অপরিহার্য। কিশোরী ও নারীদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান এবং তাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ আমাদের নারীসমাজ জাতীয় অগ্রযাত্রায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তিনি কন্যাশিশুদের সার্বিক সুরক্ষা ও উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যমসহ সমাজের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, শিশুবিবাহ বন্ধ করে কন্যাশিশুদের মানসম্মত শিক্ষা ও পুষ্টির চাহিদা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সরকার কন্যা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টিসহ পরিপূর্ণ বিকাশে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আলোচনা সভায় চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাস ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দা। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুরা জান্নাত। এদিকে, এ অনুষ্ঠানে নিজের বাল্যবিবাহ বন্ধে দৃঢ় পদক্ষেপ গ্রহণের কারণে ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সাহসী কন্যা বর্ষাকে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার অভিনন্দন জানিয়েছে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। এসময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, বর্ষার মতো প্রত্যেক মেয়েকে সাহসী হতে হবে। কখনো কোনো কিছুতে ভয় পাওয়া যাবে না। প্রশাসন সকল সময় পাশে আছে। মনে রাখতে হবে, নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আলমডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জাতীয় কন্যাশিশু দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহিনা আক্তার, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হক ও তথ্য কর্মকর্তা সিগ্ধা দাস। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, সরকারি কলেজের প্রভাষক শরিফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মণ্টু, সম্পাদক খ. হামিদুল ইসলাম, কামরুন্নাহার প্রমুখ। দামুড়হুদা: ‘আমরা কন্যা শিশু, প্রযুক্তিতে হবো সমৃদ্ধ, ডিজিটাল বাংলাদেশ গড়ব’ এ প্রতিপাদ্যে দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেরা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা একাডেমি সুপারভাইজার রাফিজুল ইসলাম, প্রেগামার অ্যাডভাইজার আব্দুল কাদের, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এস নুরুন্নবী, দামুড়হুদা মডেল থানার ওসি (অপারেশন) সেলিম মোল্লাসহ দামুড়হুদা পাইলট হাইস্কুল ও গার্লস স্কুলের ছাত্র-ছাত্রীরা। বিভিন্ন বক্তারা বলেন, আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ও জাতীয় কন্যাশিশু দিবস নিয়ে অনেকে বিভ্রান্তিতে পড়েন। জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহে ২০১২ সাল থেকে প্রতিবছরের ১১ অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। এদিকে প্রতিবছরের ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক শিশু সপ্তাহ পালন করা হয়। এই শিশু সপ্তাহের দ্বিতীয় দিন, অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পালন করা হয় জাতীয় কন্যাশিশু দিবস হিসেবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হোসনে জাহান। জীবননগর: জীবননগরে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় কন্যা দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জীবননগর উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা কৃষি অফিসের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন