তুচ্ছ ঘটনায় ইজিবাইক চালককে হত্যা!
- আপলোড তারিখঃ
১৮-০৯-২০২১
ইং
প্রতিবেদক, মহেশপুর:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কেশবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাফিজুর রহমান (৪০) নামের এক ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা করেছেন এক মোটরসাইকেল চালক। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাত আটটার দিকে। নিহত হাফিজুর মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম প্রত্যক্ষদর্শীর উদ্বৃতি দিয়ে জানান, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে হাফিজুর রহমান ইজিবাইক নিয়ে দত্তনগর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে কেশবপুর মোড়ে পৌঁছালে সেখানে রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেলে ধাক্কা লাগে। এঘটনার জের ধরে মোটরসাইকেল চালক খালিদ হাসানের সাথে হাফিজুরের বাগবিতণ্ডা হয়।
একপর্যায়ে খালিদ হাসান হাফিজুর রহমানকে লাঠি দিয়ে মারধর শুরু করেন। এতে হাফিজুর রহমান মারাত্মক আহত হলে খালিদ তাঁকে ফেলে পালিয়ে যান। স্থানীয় লোকজন সেখান থেকে হাফিজুরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘাতক খালিদ হাসান কেশবপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। ওসি বলেন, এ ঘটনার সাথে যেই জড়িত থাকুক না কেন, তাঁকে আইনের আওতায় আনা হবে।
কমেন্ট বক্স