শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধির ব্যত্যয় ঘটলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
- আপলোড তারিখঃ
১৩-০৯-২০২১
ইং
সমীকরণ প্রতিবেদন:
কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানায় অবহেলা করা হলে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরের যাঁরা শিক্ষাপ্রতিষ্ঠান তদারকির দায়িত্বে থাকবেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। গতকাল রোববার রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, পরিস্থিতি যদি অনুকূলে থাকে, তাহলে অষ্টম জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা হতে পারে।
ডা. দীপু মনি বলেন, ‘করোনা সংক্রমণের হার কমতে থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। আমরা ধরে নিয়েছিলাম, ১১ সেপ্টেম্বরের মধ্যে সংক্রমণের হার একেবারে ৫ শতাংশে না হলেও এর কাছাকাছি নেমে আসবে। তার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেই। আমরা এই সময়টাকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার উপযুক্ত সময় মনে করেছি।’ তিনি বলেন, ‘আমার কাছে শয়ে শয়ে মেসেজ এসেছে যে- শিক্ষাপ্রতিষ্ঠান খুলবেন না। আসলে সবদিকেই অনেক মতামত রয়েছে। তার মধ্য থেকেই আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলেও আমরা সেই চিন্তাও মাথায় রেখেছি। যদি কোনো আশঙ্কা দেখা যায়, তাহলে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে না রেখে আগের পদ্ধতিতে ফিরে যাব।’ শিক্ষামন্ত্রী বলেন, ‘শুধু সংক্রমণের হার নয় আমাদের অন্য বিষয়গুলোও বিবেচনায় নিতে হয়েছে। শিক্ষার্থীদের শারীরিক-মানসিকসহ নানা সমস্যা তৈরি হচ্ছে। এসব বিবেচনায় নিয়েই শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছি।’ ক্লাশ চলাকালীন ফটকের বাইরে ভিড় না করতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি। এছাড়া মন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের ডেঙ্গুর প্রভাবের ব্যাপারে সচেতন থাকার অনুরোধ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক।
কমেন্ট বক্স