চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক
- আপলোড তারিখঃ
০৭-০৯-২০২১
ইং
সড়কে অবৈধ যান বন্ধের দাবিতে জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
১২ সেপ্টেম্বরের মধ্যে দাবি আদায় না হলে সারা দেশের সঙ্গে চুয়াডাঙ্গার সড়ক যোগাযোগ বন্ধের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক:
সড়কে অবৈধ যান বন্ধের দাবিতে ৯ সেপ্টেম্বর থেকে চুয়াডাঙ্গার অভ্যন্তরীণ ৫টি রুটে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। এছাড়া দাবি আদায় না হলে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে চুয়াডাঙ্গার সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধেরও ডাক দেন মালিক শ্রমিক নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘২০১০ সালে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী চুয়াডাঙ্গাসহ খুলনা বিভাগের ১০টি জেলায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলো আলমসাধু, নছিমন, করিমন, ভটভটি চলাচল নিষিদ্ধ। আমরা গভীরভাবে লক্ষ্য করছি চুয়াডাঙ্গার পাঁচটি আঞ্চলিক মহাসড়কে (চুয়াডাঙ্গা-হাসাদহ, বদরগঞ্জ-চুয়াডাঙ্গা-দরবেশপুর, চুয়াডাঙ্গা-ডম্বলপুর (আলমডাঙ্গা), চুয়াডাঙ্গা-আটকবর ভায়া দর্শনা-দামুড়হুদা ও চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা ভায়া আসমানখালী পথে অবৈধ যান চলাচল করছে।’
তাঁরা বলেন, সড়ক পরিবহন খাত একটি শিল্প। গত দেড় বছরের বেশি সময় ধরে কোভিড-১৯-এর কারণে পরিবহন খাত আজ চরম লোকসানের মুখে। লকডাউন শেষে সীমিত আকারে বাস চলাচল শুরু হওয়ার পর পুরোদমে অবৈধ যানের কারণে এ খাত আজ ধ্বংসের ধারপ্রান্তে। যে কারণে এই জেলার প্রায় ১৫০০ পরিবহন ব্যবসায়ী ও ৬ হাজার পরিবহন শ্রমিক চরম কষ্টে দিনাতিপাত করছেন। অথচ পরিবহন খাতে সরকার প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব আদায় করে থাকে। তাই এই খাত টিকে থাকার স্বার্থে সরকারের সহযোগিতা জরুরি হয়ে পড়েছে।
তাঁরা আরও বলেন, সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত ১০ বছরে চুয়াডাঙ্গায় ছয় শতাধিক মানুষ নিহত এবং আড়াই হাজারের বেশি মানুষ আহত হয়েছে এই অবৈধ যানের কারণে। উপার্জনক্ষম ব্যক্তিদের হতাহতের কারণে এসব পরিবারের সদস্যরা খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছে। তাই আগামী ৯ সেপ্টেম্বর থেকে আঞ্চলিক ৫টি রুটে বাস চলাচল বন্ধ থাকবে। আর ১২ সেপ্টেম্বরের মধ্যে যদি দাবি আদায় না হয়, তাহলে ১৩ সেপ্টেম্বর থেকে দূরপাল্লার যানও বন্ধ রাখা হবে। এতে জেলার সঙ্গে সারা দেশের অনির্দিষ্টকালের জন্য সড়ক যোগাযোগ বন্ধ করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাবিবুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক রিপন মণ্ডল, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন মুক্তা, জেলা বাস-মিনিবার মালিক গ্রুপের সভাপতি সালাউদ্দীন, সাধারণ সম্পাদক আবুল কালাম, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাইফুল হাসান জোয়ার্দার টোকনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
এর আগে চুয়াডাঙ্গার জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা জেলার আঞ্চলিক পাঁচটি সড়কে নছিমন, করিমন, আলমসাধু, ইজিবাইক, থ্রি-হুইলারসহ সব ধরনের অবৈধ যান চলাচল বন্ধের দাবি জানিয়ে গত ৩১ আগস্ট দুপুরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
কমেন্ট বক্স