ছিনতাইকারীর গুলিতে ব্যাংক এজেন্ট নিহত
- আপলোড তারিখঃ
২৭-০৮-২০২১
ইং
প্রতিবেদক, গাংনী
মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াডোব-আমঝুপি সড়কে ছিনতাইকারীদের গুলিতে খাদেমুল ইসলাম (৩৫) নামের এক ব্যাংক এজেন্ট নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গাঁড়াডোব-আমঝুপি সড়কের খোকসা গ্রাম সংলগ্ন একটি আমবাগানের নিকট এ ঘটনা ঘটে। তবে গুলিবিদ্ধ হওয়ার পরেও খাদিমুলের কাছে থাকা ৪৬ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয় ছিনতাইকারীরা। খাদেমুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার কোমরপুর সিটি ব্যাংকের এজেন্ট ও মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের যতারপুর গ্রামের মিনারুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিটি ব্যাংক কোমরপুর শাখার এজেন্ট ম্যানেজার খাদেমুল ইসলাম ব্যাংক থেকে ৪৬ লক্ষ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে গাংনী শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আমঝুপি-গাড়াডোব সড়কের গাড়াডোব গ্রামের ফাঁকা মাঠে আসলে তাঁকে আক্রমণ করে ছিনতাইকারীরা। পরে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তা আকড়ে ধরেন খাদেমুল। এসময় তাঁর কোমরে গুলি করে ছিনতাইকারীরা। রক্তাক্ত খামেদুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়লেও ব্যাগ আড়কে ধরে ছিলেন। একপর্যায়ে পথচারীরা এগিয়ে আসলে একটি মোটরসাইকেলযোগে ছিনতাইকারীরা আমঝুপির দিকে পালিয়ে যায়। পথচারীরা খাদেমুলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরক চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমথ্যে খাদিমুলের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও খাদেমুলের স্বজনেরা বলেন, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে এজেন্ট ব্যাংকিংয়ের মোটা অঙ্কের টাকা নিয়ে মোটরসাইকেলে করে গাংনী শহরে যাচ্ছিলেন খাদেমুল। এ সময় গাড়াডোব গ্রামের খোকসা এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তাঁর টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। টাকা ছিনিয়ে নিতে না পেরে তাঁকে পেছন দিক থেকে গুলি করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।’
প্রত্যক্ষদর্শী রহমত মিয়া বলেন, ‘গাড়াডোব রাস্তা হয়ে আমঝুপি যাচ্ছিলাম। খোকসায় রাস্তার পাশে একটি আমবাগানে বাঁচাও বাঁচাও চিৎকার শুনে গিয়ে দেখি, একজন লোক পড়ে আছেন। স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।’
খাদেমুল ইসলামের ছোট ভাই ঝণ্টু বলেন, এভাবে দিনের বেলায় ছিনতাইয়ের ঘটনা ঘটবে বড় ভাই বুঝতে পারেননি। অনেক সময় এজেন্ট ব্যাংকিংয়ের টাকা জেলা শাখা ব্যাংকে জমা দিতে এভাবেই যাতায়াত করতেন তিনি। এর আগে কখনো দিনের বেলায় ছিনতাইয়ের ঘটনা ঘটেনি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে। নিহতের কাছে থাকা ৪৬ লাখ টাকাসহ ব্যাগ উদ্ধার করা হয়েছে। পরে নিহতের পরিবারের কাছে এসব টাকা হস্তান্তর করা হয়।’
এবিষয়ে জেলার গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুরফিকার আলী বলেন, ‘খুনিকে শনাক্ত করা গেছে। খুব তাড়াতাড়ি তাকে গ্রেপ্তার করা হবে।’
কমেন্ট বক্স