মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনার মান্নান-তোতাসহ চোরাকারবারিরা সব উধাও!

  • আপলোড তারিখঃ ২৬-০৮-২০২১ ইং
দর্শনার মান্নান-তোতাসহ চোরাকারবারিরা সব উধাও!
আলমডাঙ্গার বণ্ডবিল গেট থেকে আড়াই কেজি স্বর্ণালঙ্কার উদ্ধারের ঘটনায় মামলা সাংবাদিক নামধারী ফয়সাল মাহতাব মানিকের সংশ্লিষ্টতা, সমালোচনার ঝড় সমীকরণ প্রতিবেদক: বেশ কিছু দিন আগে চুয়াডাঙ্গার-আলমডাঙ্গা সড়কের বণ্ডবিল এলাকা থেকে ধাওয়া করে আড়াই কেজি স্বর্ণালঙ্কার উদ্ধার করে পুলিশ। সেসময় স্বর্ণ চোরাচালান চক্রের তিনজন সদস্য আটকও হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে আলমডাঙ্গা থানায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামী করে একটি স্বর্ণ চোরাচালন মামলা দায়ের করা হয়। এই মামলার এজাহারে উঠে এসেছে যুগান্তরের জীবননগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক নামধারী ফয়সাল মাহাতাব মানিকের নাম। মামলার পর থেকে সাংবাদিক নামধারী ফয়সাল মাহতাবসহ এজাহারনামীয় আসামীরা গ্রেপ্তার আতঙ্কে দিয়েছেন গাঁ-ঢাকা। এদিকে, সোনা চোরাচালানের ঘটনায় সাংবাদিক নামধারী ফয়সাল মাহতাব মানিকের সংশ্লিষ্টতা উঠে আসায় জেলায় কর্মরত সংবাদকর্মীরা তাকে বয়কট করেছেন। আর চায়ের দোকানসহ গ্রামের মোড়ে সমালোচনার ঝড়ও বইছে। এদিকে, মামলার পর অভিযান চালিয়ে এ পর্যন্ত ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- দর্শনা থানার শ্যামপুর গ্রামের নূর ইসলামের ছেলে বাপ্পী হোসেন (৩০), চুয়াডাঙ্গা পৌর শহরের বনানীপাড়ার লিপন হোসেনের ছেলে সম্রাট হোসেন (২২), মাদারীপুর সদর উপজেলার জালালপুরের বাবু হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (২৯) ও দর্শনা থানার শ্যামপুর গ্রামের নূর ইসলামের ছেলে বিল্লাল হোসেন (৩৮)। এ মামলায় এজাহারনামীয় অন্য আসামীরা হলেন- দর্শনা থানার শ্যামপুর গ্রামের আমিরুলের ছেলে নাহিদ (২২), দর্শনা মোবারকপাড়ার আলী মোমেনের ছেলে আব্দুল মান্নান (৪৫) ও একই গ্রামের মৃত শেখ করিমের ছেলে শেখ আসলাম আলী ওরফে তোতা (৪৪), জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের ইউপি সদস্য মাহাতাব উদ্দীনের ছেলে দৈনিক যুগান্তরের জীবননগর উপজেলা প্রতিনিধি ফয়সাল মাহাতাব মানিক (৩৮), ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডু গ্রামের হিংগারপাড়ার মৃত ভগিরত হালদারের ছেলে শ্রী ভবেশ ওরফে তপন হালদার (৪৫)। অন্যদিকে, স্বর্ণ চোরাচালান মামলায় সাংবাদিক ফয়সাল মাহাতাব মনিকের নাম উল্লেখ থাকায় জীবননগর প্রেসক্লাব বিব্রত হয়ে একটি জরুরী সভা করে। গত ২৩ আগস্ট সন্ধ্যা ৭টায় জীবননগর প্রেসক্লাব সভাপতি এম. আর বাবুর সভাপতিত্বে জীবননগর প্রেসক্লাব ভবনে জরুরি সভাটি অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী পরিষদের সভায় সাংবাদিক ফয়সাল মাহাতাব মানিকের সদস্য পদ স্থগিত করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সামসুর রহমান, সহ-সভাপতি নারায়ন ভৌমিক, সহ-সাধারণ সম্পাদক মুন্সী রায়হান উদ্দীন, অর্থ-সম্পাদক মামুন-উর-রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর আলম, দপ্তর সম্পাদক হুমায়ন কবির, কার্য-নির্বাহী সদস্য সালাউদ্দীন কাজল ও আতিয়ার রহমান। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, ‘সেনেরহুদা গ্রামের ফয়সাল মাহাতাব মানিক পরিবারিকভাবে তেমন অর্থ সম্পদের মালিক না হলেও তার চলাফেরা ছিলো বিত্তশালীদের মতো। তার জীবনযাত্রার মান ছিলো বিলাস-বহুল। তার এই উচ্চাবিলাসি চলাফেরায় এলাকাবাসীর মধ্যে নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। কিন্তু সম্প্রতি স্বর্ণ চোরাচালান মামলার আসামী হওয়ার পর তার বিলাস-বহুল জীবনযাপনের প্রকৃত রহস্য সাধারণ মানুষের কাছে উন্মোচিত হয়েছে। এছাড়া এলাকায় জনশ্রুতি রয়েছে, এরআগেও ফয়সাল মাহাতাব মানিক পোড়াদাহ স্টেশনে রেল পুলিশের হাতে স্বর্ণসহ আটক হন। ওই সময় জীবননগর পৌর শহরের ৩ জন এবং পোড়াদহের একজন সাড়ে ৩ লক্ষ টাকার বিনিময়ে ফয়সাল মাহাতাব মানিককে ছাড়িয়ে নিয়ে আসেন।’ অপরদিকে, স্বর্ণ চোরাচালানী মামলায় অজ্ঞাত ৪-৫ জনকে আসামী করায় দর্শনা ও জীবননগর এলাকায় অনেকের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে। এলাকায় স্বর্ণ চোরাচালানীরা এরই মধ্যে গাঁ-ঢাকা দিয়েছে। জীবননগর উপজেলার উথলী বাজারসহ উথলী এলাকায় স্বর্ণ চোরাচালানের সংবাদ প্রকাশ হওয়ায় স্থানীয় দৈনিক পত্রিকার কপি সাধারণ মানুষের হাতে পৌঁছানোর পূর্বেই উধাও হয়ে যাচ্ছে। প্রসঙ্গত, গত (১৮ আগস্ট) বিকেল ৩ টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের আলমডাঙ্গা পৌর সীমানা গেটের বণ্ডবিল নামক স্থানে স্বর্ণ চোরাচালান বিরোধী যৌথ অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা সদর থানা ও আলমডাঙ্গা থানা পুলিশ। চুয়াডাঙ্গা থেকে ধাওয়া করে (ঢাকা মেট্রো-গ-১৭-৮৩৩২) প্রাইভেটকারসহ আটক করা হয় তিনজনকে। প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে চালকের সিটের পেছনে বাঁশপাতা রঙের মোটা কাগজে কচটেপ দিয়ে মোড়ানো ৬টি বান্ডিলের ভেতর থেকে আড়াই কেজি স্বর্ণালঙ্কার উদ্ধার করে পুলিশ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী