সেবা গ্রহীতাদের সঙ্গে সহনশীল আচরণ করতে হবে
- আপলোড তারিখঃ
২৪-০৮-২০২১
ইং
কালীগঞ্জে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ডিসি মুজিবুর রহমান
রিয়াজ মোল্ল্যা, কালীগঞ্জ:
ঝিনাইদহ জেলা প্রশাসক মুজিবুর রহমান বলেছেন, ‘চলমান সকল প্রকার সরকারি সেবা জনগণের দোরগোড়ায় নিশ্চিত করতে হবে। সবসময় সেবা গ্রহীতাদের অর্থ্যাৎ সেবা নিতে আসা মানুষের সঙ্গে সহনশীল আচরণ করতে হবে।’ গতকাল সোমবার দুপুরে তিনি কালীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় এ কথাগুলো বলেন। আইনশৃঙ্খলা, জঙ্গিবিরোধী কার্যক্রম ও উপজেলার সার্বিক উন্নয়ন বিষয়ের ওপরও মতবিনিময় করেন তিনি।
এর আগে সকালে তিনি কালীগঞ্জ থানা পরিদর্শন শেষে উপজেলা ভূমি অফিসে আসেন। সেখানে তিনি মাটি ও মানুষের প্রত্যশা বিশ্রামাগার শেড, ভূমিছায়া, সুপেয় পানির ব্যবস্থা ও নাগরিক ই-সেবা কেন্দ্রের ফলক উন্মোচন করে উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি ভূমি অফিসের সার্বিক বিষয়ে খোঁজখবর নিয়ে নানা দিকনির্দেশনা প্রদান করেন। এরপর তিনি কালীগঞ্জ পৌরসভায় সৌজন্য সাক্ষাত শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে সকল দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভায় অংশ নেন।
কালীগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভিন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন ও সম্পাদক সাবজাল হোসেন।
মতবিনিময় সভায় উপজেলার সকল দপ্তরের সার্বিক বিষয়ের ওপর আলোচনায় অংশ নিয়ে আরও বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুজ্জআমান, কৃষি কর্মকর্তা মোহায়মেনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মধুসুদন পাল ও সমাজসেবা কর্মকর্তা কৌশিক আহম্মেদ।
কমেন্ট বক্স