এক দিনের ব্যবধানে দেশে ফের বাড়ল মৃত্যু ও শনাক্ত
- আপলোড তারিখঃ
২৩-০৮-২০২১
ইং
চুয়াডাঙ্গা, মেহেরপুরে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে তিনজনের প্রাণহানি
২৪ ঘণ্টায় করোনায় আরও ১৩৯ জনের মৃত্যু, শনাক্ত ৪ হাজার ৮০৪ জন
নিজস্ব প্রতিবেদক:
একদিনের ব্যবধানে সারাদেশে বেড়েছে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৮০৪ জনের শরীরে। এনিয়ে সারা দেশে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১৩৯ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫ হাজার ২৮২ জনে। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর হাসপাতালের ইয়োলো জোনে একজন ও উপসর্গ নিয়ে অপর একজনের মৃত্যু হয়েছে হোম কোয়ারেন্টাইনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ জনের শরীরে। এদিকে, গতকাল মেহেরপুরে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১৪ জন। এসময় এ জেলায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে একজনের।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন করে আরও ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬০৩ জনে। এসময় জেলায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে দুজনের। গতকাল রোববার সদর হাসপাতালের ইয়োলো জেনে চিকিৎসাধীন অবস্থায় একজন ও হোম কোয়ারেন্টাইনে অবস্থানকালে করোনা উপসর্গ নিয়ে অপর একজনের মৃত্যু হয়। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২০৫ জনের।
জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ১২১টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৮টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকী ১১৩টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। নমুনা পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ৬.৬১ শতাংশ। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেরার ২জন, আলমডাঙ্গার ২ জন, দামুড়হুদার ৩ জন ও জীবননগরের ১ জন রয়েছে। গতকাল জেলায় করোনা থেকে সুস্থ হয়েছে আরও ৫৯ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ৫ হাজার ৬৯২ জন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ্ আকরাম জানান, এই ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটের ইয়োলো জোনে করোনা উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর নিহতের শরীরে থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ শেষে করোনা প্রটোকলে লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে মোট ১৮৫ জনের ও জেলার বাইরে মৃত্যু হয়েছে আরও ২০ জনের। তিনি আরও জানান, এখন পর্যন্ত চুয়াডাঙ্গায় জেলা স্বাস্থ্য বিভাগের ৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮০ জন সুস্থ হয়েছেন বাকী ৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৫ হাজার ১২২ টি, প্রাপ্ত ফলাফল ২৫ হাজার ৭৯৮টি (পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন), পজিটিভ ৬ হাজার ৬০৩ জন। জেলায় বর্তমানে ৭০৬ জন হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ৪৩ জন ও হাসপাতাল আইসোলেশনে ৬৬৩ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০৫ জনের। এর মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১৮৫ জনের। এছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ২০ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
মেহেরপুর:
মেহেরপুরে নতুন করে আরও ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ১৪ জনের মধ্যে সদর উপজেলার ৬ জন, গাংনীতে ৬ জন ও মুজিবনগরে ২ জন রয়েছে। গতকাল রোববার রাতে মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। সূত্রে আরও জানা যায়, গতকাল মেহেরপুর স্বাস্থ্য বিভাগ ল্যাবে পরীক্ষিত আরও ১১৩টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ১৪টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২.৩৮ শতাংশ। নতুন আক্রান্ত ১৪ জনসহ বর্তমানে মেহেরপুর জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১৭৩ জন। এ পর্যন্ত মেহেরপুরে মোট মৃত্যু হয়েছে ১৭৫ জনের। এর মধ্যে সদর উপজেলার ৮২ জন, গাংনী উপজেলার ৫৪ জন ও মুজিবনগর উপজেলার ৪৩ জন রয়েছে। এছাড়াও জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৯৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২৩ জন। জেলায় মোট সুস্থদের মধ্যে সদরে ১ হাজার ৮৯০, গাংনীর ১ হাজার ৬২৮ জন ও মুজিবনগরের ৫৭৭ জন।
সারাদেশ:
২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫ হাজার ২৮২ জনে। গতকাল রোববার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চার হাজার ৮০৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জনে। এর আগের দিন শনিবার দেশে করোনায় ১২০ জনের মৃত্যু হয়েছিল এবং ৩ হাজার ৯৯১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৬১৮ জনের নমুনা সংগ্রহ করা হলেও আগের নমুনাসহ এদিন পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৬৮৯টি নমুনা। যেখানে শনাক্তের হার ১৬ দশমিক ১৫ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ৯০ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৫৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৩ লাখ ৬৩ হাজার ৮৭৪ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ১৩৯ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে চারজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে আটজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৯ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে সাতজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছে।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৭২ জন ও মহিলা ৬৭ জন। যাদের মধ্যে বাসায় চারজন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, রাজশাহী বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে ১৭ জন, বরিশাল বিভাগে আটজন, সিলেট বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ৮ জন ও ময়মনসিংহ বিভাগে ১০ জন মারা গেছেন।
কমেন্ট বক্স