আইসিইউতেই দুজনের মৃত্যু : কমেছে শনাক্তের হার
- আপলোড তারিখঃ
১১-০৮-২০২১
ইং
চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহে করোনা ও উপসর্গে আরও ১৩ জনের প্রাণহানি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১ হাজার ১৬৪ জন
নিজস্ব প্রতিবেদক:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আবারও ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনা আক্রান্ত হয়ে সারা দেশে মোট ২৩ হাজার ১৬১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১১ হাজার ১৬৪ জন। এদিকে, গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউ ইউনিটে ও হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল জেলায় নতুন করে আরও ৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল মেহেরপুরে নতুন করে আরও ৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও তিনজনের। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৭ জনের শরীরে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে একদিনে চারজনের মৃত্যু হয়েছে। গতকাল সদর হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় দুজন ও হোম কোয়ারেন্টাইনে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল জেলায় নতুন কেউ করোনায় মারা না গেলেও নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩১ জনের শরীরে। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪১৫ জনে।
জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ১৮৬টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৩১টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকী ১৫৫টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। নমুনা পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ১৬.৬৬ শতাংশ। গতকাল নতুন শনাক্ত ৩১ জনের মধ্যে সদর উপজেলার ১২ জন, আলমডাঙ্গা উপজেলার ৭ জন, দামুড়হুদা উপজেলার ৭ জন ও জীবননগরের ৫ জন রয়েছে। গতকাল জেলায় করোনা থেকে আরও ৯৮ জন সুস্থ হয়েছে। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ৪ হাজার ৮৩৫ জন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ্ আকরাম জানান, গতকাল হাসপাতালের আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়া দুজনেই করোনা উপসর্গ নিয়ে ইয়োলো জোনে চিকিৎসাধীন অবস্থায় ছিলো। অবস্থার অবনতি হওয়ায় তাঁদেরকে এইচডিইউ ইউনিটে নেওয়া হয়। সেখানে তাঁদের শারীরিক অবস্থার কোন উন্নতি না হলে আইসিইউ ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। গতকালই করোনা পরীক্ষার জন্য নিহত দুজনের শরীর থেকে নমুনা সংগ্রহ শেষে করোনা প্রটোকলে লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে মোট ১৮০ জনের ও জেলার বাইরে মৃত্যু হয়েছে আরও ১৯ জনের। তিনি আরও জানান, এখন পর্যন্ত চুয়াডাঙ্গায় জেলা স্বাস্থ্য বিভাগের ৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭১ জন সুস্থ হয়েছেন বাকী ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৪ হাজার ৪২০টি, প্রাপ্ত ফলাফল ২৪ হাজার ৩৪৬টি, পজিটিভ ৬ হাজার ৪১৫ জন। জেলায় বর্তমানে ১ হাজার ৩৮১ জন হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ১ হাজার ৩৮১ জন ও হাসপাতাল আইসোলেশনে ৬৫ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৯৯ জনের। এর মধ্যে জেলায় আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১৮০ জনের। এছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ১৯ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
মেহেরপুর:
মেহেরপুরে নতুন করে আরও ৩১ জনের শরীরে করোনা আক্রান্ত হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে তিনজনের। গতকাল জেলায় নতুন আক্রান্ত ৩১ জনের মধ্যে সদর উপজেলার ৯ জন, গাংনীতে ১৭ জন ও মুজিবনগরের ৫ জন রয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। সূত্রে আরও জানা যায়, গতকাল মেহেরপুর স্বাস্থ্য বিভাগ পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত আরও ১৯৬টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৩১টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৫.৮১ শতাংশ। নতুন আাক্রান্ত ৩১ জনসহ বর্তমানে মেহেরপুর জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৪৫৬ জন। এর মধ্যে সদর উপজেলায় ১২৬ জন, গাংনী উপজেলায় ২৩৭ জন এবং মুজিবনগর উপজেলায় ৯৩ জন। এ পর্যন্ত মেহেরপুরে মোট মৃত্যু হয়েছে ১৫৯ জনের। মৃতদের মধ্যে সদর উপজেলার ৭১ জন, গাংনী উপজেলার ৫৩ জন ও মুজিবনগর উপজেলার ৩৫ জন রয়েছে।
ঝিনাইদহ:
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭ জন। সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে করোনা ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৩৬টি নমুনা পরীক্ষা করে ৩৭ জনের ফলাফল পজিটিভ এসেছে।
সারা দেশ:
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আবারও সর্বোচ্চ সংখ্যক ২৬৪ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে গত ৫ আগস্ট সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ২৬৪ জনসহ সারাদেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ১৬১ জনে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৬৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জনে। গতকাল মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে সোমবার ২৪৫, রোববার ২৪১, শনিবার ২৬১, শুক্রবার ২৪৮, বৃহস্পতিবার ২৬৪ (সর্বোচ্চ), বুধবার ২৪১ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এ দিন মৃত্যু হয় ২০১ জনের। এরপর থেকে প্রায় প্রতিদিনই করোনায় দুই শতাধিক মানুষের মৃত্যু হচ্ছে।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৯০৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৩৪ হাজার ৭৬২ জন। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৮ হাজার ৪১৬ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৭ হাজার ৪২৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ৪৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮২ লাখ ১২ হাজার ৪১টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৬ শতাংশ।
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৯২ জন। এছাড়া চট্টগ্রামে ৬০, রাজশাহীতে ২৫, খুলনায় ২৭, বরিশালে ১১, সিলেটে ১৭, রংপুরে ১৪ এবং ময়মনসিংহে ১৮ জন মারা গেছেন। নারী ও পুরুষের হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৫৪ জন পুরুষ এবং ১১০ জন নারী। এদের মধ্যে ১০ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৫ হাজার ৩৮৪ জন এবং নারী ৭ হাজার ৭৭৭ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৫, ৮১ থেকে ৯০ বছরের ১২, ৭১ থেকে ৮০ বছরের ৪৮, ৬১ থেকে ৭০ বছরের ৮৫, ৫১ থেকে ৬০ বছরের ৬৬, ৪১ থেকে ৫০ বছরের ২৫, ৩১ থেকে ৪০ বছরের ১৬, ২১ থেকে ৩০ বছরের ৬, ১০ বছরের নিচের একজন মারা গেছেন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
কমেন্ট বক্স