ছবির ক্যাপশন:
দর্শনায় যুবদলের বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকে কেন্দ্র করে জসিম নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। তবে এ ঘটনার নেপথ্যে রাজনৈতিক কর্মসূচি, মাদকসংক্রান্ত বিরোধ নাকি দেনা-পাওনার লেনদেন, তা নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেলে দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ায় এ ঘটনা ঘটে।
আহত জসিম শান্তিপাড়ার টুকু মিয়ার ছেলে। ভিডিও বার্তায় তার অভিযোগ, একই এলাকার হুমায়ুন, বাক্কা, মনির, রুবেল ও সোবাহান দেশীয় ধারালো অস্ত্র দা নিয়ে তার ওপর হামলা চালান।
জসিম জানান, আওয়ামী লীগ বিরোধী দর্শনা থানা যুবদলের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের জন্য লোকজন জড়ো করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এসময় হুমায়ুন তাকে বাধা দেন। সেই বাধা উপেক্ষা করে লোকজন গোছানোর কাজ চালিয়ে গেলে দেশীয় অস্ত্র নিয়ে তারা তার ওপর এলোপাতাড়ি হামলা চালান। পরে তাকে আহত অবস্থায় ফেলে রেখে চলে যান হামলাকারীরা বলে অভিযোগ করেন তিনি।
তবে ঘটনার বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন অভিযুক্ত হুমায়ুন। তার দাবি, বিক্ষোভ মিছিলের সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক নেই। মাদকসংক্রান্ত বিষয়ে লোকনাথপুরের এক ব্যক্তির সঙ্গে জসিমের লেনদেন ছিল। ওই ব্যক্তিকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে একপর্যায়ে এলাকার কয়েকজন যুবক জসিমকে কুপিয়ে চলে যান।
এদিকে দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন রিঙ্কু বলেন, শনিবার বিকেল ৪টায় আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে এবং সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় দর্শনায় একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। ওই মিছিলে অংশ নিতে জসিম লোকজন জড়ো করার চেষ্টা করছিলেন। এ সময় হুমায়ুন বাধা দেন। একপর্যায়ে হুমায়ুনের লোকজন জসিমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী থেকে ঢাকায় রেফার্ড করা হয়েছে বলে জানান তিনি।
ঘটনার বিষয়ে দর্শনা থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, দর্শনার শান্তিপাড়ায় মারামারির ঘটনা ঘটেছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
