ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় টানটান উত্তেজনা আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মধ্যদিয়ে শেষ হয়েছে ‘রাফেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬’। জমজমাট ফাইনালে ৭ পয়েন্টের ব্যবধানে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা। রানার্সআপ হয়েছে মুগ্ধ স্টেশনারি এবং তৃতীয় হয়েছে হিমালয় অটো ব্রিকস। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার ফাইনাল ঘিরে চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গনে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
গতকাল শনিবার রাতে চুয়াডাঙ্গা ভি.জে. সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের সেমিফাইনাল, ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শিরোপা নির্ধারণী ম্যাচে দুই দলের খেলোয়াড়দের আক্রমণাত্মক কৌশল, নিখুঁত শট ও পাল্টাপাল্টি আক্রমণে প্রতিটি মুহূর্তেই জমে ওঠে লড়াই। পয়েন্টের ব্যবধান কমিয়ে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করে দুই দলই। শেষ পর্যন্ত ৭ পয়েন্টের ব্যবধানে জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে মাঠ। গ্যালারিতে উপস্থিত দর্শকেরাও করতালি দিয়ে খেলোয়াড়দের অভিনন্দন জানান।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মন্ডল স্পোর্টস আলমডাঙ্গা। আর রানার্সআপ হয় মুগ্ধ স্টেশনারি এবং তৃতীয় হয় হিমালয় অটো ব্রিকস। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য সিরিজ) নির্বাচিত হন মুগ্ধ স্টেশনারির সিগবাতুল্লাহ।
খেলা শেষে বিজয়ী দলগুলোর হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় অর্থ পুরস্কার ও সম্মাননা। চ্যাম্পিয়ন মন্ডল স্পোর্টস আলমডাঙ্গাকে এক লাখ টাকা, রানার্সআপ মুগ্ধ স্টেশনারিকে ৫০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী হিমালয় অটো ব্রিকসকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সিগবাতুল্লাহকেও সম্মাননা প্রদান করা হয়। আয়োজক ও অতিথিরা বিজয়ীদের হাতে এসব পুরস্কার তুলে দেন।
এর আগে গত শুক্রবার রাফেল স্মৃতি সংঘের (মুক্তিপাড়া, চুয়াডাঙ্গা) আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সাহেদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের (বিডিচ্যাম) প্রেসিডেন্ট, এআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট এবং রাফেল স্মৃতি সংঘের প্রধান পৃষ্ঠপোষক মো. সাহিদুজ্জামান টরিক।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাহিদুজ্জামান টরিক বলেন, ‘আমি এখানেই বড় হয়েছি, এখানেই মানুষ হয়েছি। চুয়াডাঙ্গার প্রতি আমার আলাদা টান রয়েছে। এ জেলাকে খেলাধুলাবান্ধব হিসেবে গড়েতুলতে আমি সব ধরনের উদ্যোগ নেব। তবে আমি একা কিছুই করতে পারব না। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’
নিজের পরিবারের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘আমার দুই ছেলে স্কুলের ছুটিতে অন্য কোনো দেশে না গিয়ে শুধু এই টুর্নামেন্টের খেলা দেখার জন্য চুয়াডাঙ্গায় এসেছে। এটি আমার কাছে অনেক আনন্দের। আমি চাই, আমাদের তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও আগ্রহী হয়ে উঠুক। খেলাধুলার মাধ্যমে তরুণেরা মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। এ ধরনের আয়োজন নিয়মিত হলে চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।’
আয়োজকেরা জানান, মাদকমুক্ত সমাজ গঠন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ব্যাডমিন্টনের প্রসারে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারতের জাতীয় ও স্থানীয় পর্যায়ের খেলোয়াড়দের সমন্বয়ে মোট ১৩টি দল অংশ নেয়। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নিয়ম অনুযায়ী নকআউট ও লটারি পদ্ধতিতে খেলাগুলো পরিচালিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কানাডীয় অতিথি মি. ড্যানি, আলমগীর কবির, আহমেদ জিয়া, খলিল শরিফ, শাহনাজ দিপু, সামিউল তারেক মহিন, রাফেল স্মৃতি সংঘের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মুক্তা, এবং সাহিদুজ্জামান টরিকের বড় ছেলে শেহজাদ সাহেদ। এছাড়া সাবেক ও বর্তমান খেলোয়াড়, মুক্তিপাড়ার বাসিন্দা, ক্রীড়াপ্রেমী দর্শকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
