ছবির ক্যাপশন:
আসিফ কাজল, ঝিনাইদহ:
স্বাস্থ্য, পরিবেশ ও খাদ্য নিরাপত্তার জন্য ক্ষতিকর এবং ধর্মীয়ভাবে নিষিদ্ধ হলেও ঝিনাইদহে ব্যাপক হারে তামাক চাষের প্রস্তুতি চলছে। অভিযোগ রয়েছে, তামাক চাষের সরকারি কোনো বরাদ্দ না থাকলেও মাঠপর্যায়ে মৌসুমি ফসলের কৃষকদের জন্য বরাদ্দকৃত সার পাচার হচ্ছে তামাক চাষে।
বিসিআইসির সার ডিলারদের একটি অংশ প্রকৃত চাষিদের বঞ্চিত করে রাতের আঁধারে চড়া দামে তামাক চাষিদের কাছে সার বিক্রি করছে বলে অভিযোগ। আর তামাক কোম্পানিগুলোর গোপন উপঢৌকন ও নগদ অর্থের প্রলোভনে পড়ে মাঠপর্যায়ে কিছু কৃষি কর্মকর্তাও পরোক্ষভাবে এ চাষে সহায়তা করছেন বলে স্থানীয়দের দাবি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে ঝিনাইদহে প্রতি বছর ১৬০ থেকে ২৫০ হেক্টরের বেশি জমিতে তামাক চাষ হচ্ছে। পরিসংখ্যান বলছে, ২০২৪-২৫ অর্থবছরে ২২৪ হেক্টর (এক সূত্রে ২২৯ হেক্টর), ২০২৩-২৪ অর্থবছরে ১৯৩ হেক্টর, ২০২২-২৩ অর্থবছরে ২৫১ হেক্টর এবং ২০২১-২২ অর্থবছরে ১৬০ হেক্টর জমিতে তামাক আবাদ হয়েছে (যার মধ্যে মহেশপুরেই ছিল সর্বোচ্চ ৮৪ হেক্টর)। ২০২৬-২৭ অর্থবছরেও প্রায় তিনশো হেক্টরের কাছাকাছি জমিতে তামাক চাষ হবে বলে কৃষি বিভাগ মনে করছে।
মাঠে এখনো তামাকের আবাদ পুরোদমে শুরু না হলেও মহেশপুর, সদর, শৈলকুপা ও হরিণাকুণ্ডুর বিভিন্ন গ্রামে আগাম ইউরিয়া ও টিএসপি সার মজুত করছেন চাষিরা। সদর উপজেলার উদয়পুর, পোড়াহাটি, দৌগাছী; শৈলকুপার আবাইপুর, হাটফাজিলপুর, কৃপালপুর, বকশিপুর, ফলিয়া, ফুলহরি এবং হরিণাকুণ্ডুর শ্রীফলতলা, বিন্নী, মান্দারবাড়িয়া, দুর্লভপুর, বাসুদেবপুর, চাঁদপুর, কন্যাদহ ও বড়ভাদড়া এলাকায় এমন চিত্র দেখা গেছে। পৌর এলাকার উদয়পুর গ্রামের জুলহাস নামের এক আলমসাধুচালক জানান, ডিলার পয়েন্ট থেকে ঠিকানা অনুযায়ী তামাক চাষিদের বাড়িতে সার পৌঁছে দিচ্ছেন তিনি।
পোড়াহাটি ইউনিয়নের মৌসুমি চাষি নজরুল বিশ্বাস বলেন, ডিলারদের যোগসাজশে রাতের আঁধারে বেশি দামে সার চলে যাচ্ছে তামাক চাষে, ফলে মৌসুমি ফসলের চাষিরা সংকটে পড়ছেন। তবে দৌগাছী ইউনিয়নের সার ডিলার উজ্জ্বল হোসেনের দাবি, ভুট্টা বা অন্য ফসলের কথা বলে সার নিলে অনেক সময় উপায় না পেয়ে দিতে হয়।
উদয়পুর গ্রামের তামাক চাষি বিপ্লব হোসেন ও শৈলকুপার ফুলহরির শহিদুল মিয়া জানান, নগদ টাকার প্রয়োজন, কোম্পানির আগাম অর্থ এবং ভালো দামের আশায় তারা তামাক চাষে ঝুঁকছেন; কারণ অন্যান্য ফসলে ন্যায্য দাম মেলে না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি নভেম্বরে জেলায় ইউরিয়া বরাদ্দ ৩ হাজার ২৪৪ মেট্রিক টন (সদর ৬১০, কালীগঞ্জ ৬০০, কোটচাঁদপুর ২৪০, মহেশপুর ৬৮৪, শৈলকুপা ৭০৫ ও হরিণাকুণ্ডু ৪০৫ মেট্রিক টন)। এছাড়া টিএসপি ২ হাজার ৮১০, ডিএপি ৬ হাজার ৩৯০ এবং এমওপি ২ হাজার ৮৯৬ মেট্রিক টন বরাদ্দ রয়েছে।
এদিকে চলতি বছরের ১৯ জানুয়ারি তিন বা ততোধিক ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ করে ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬’ জারি হলেও ১০ এপ্রিল জাতীয় সংসদে পাস হওয়া ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা আইন, ২০২৬’-এ আগের সেই নির্দিষ্ট নিষেধাজ্ঞা একইভাবে রাখা হয়নি বলে প্রশ্ন উঠেছে।
ঝিনাইদহে তামাক চাষ নিয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান জানান, তামাকের ক্ষতিকর দিক নিয়ে সচেতনতা বাড়াতে ইউনিয়ন পর্যায়ে কর্মশালা, মাটি পরীক্ষা এবং কম সারে অধিক ফলনের পদ্ধতি শেখানো হচ্ছে। তবে মাঠপর্যায়ে সার পাচার ও কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর তদারকির দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকেরা।
