চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে ভেসে যাওয়া শিশুকে জীবিত উদ্ধার

আপলোড তারিখঃ 2026-11-19 ইং
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে ভেসে যাওয়া শিশুকে জীবিত উদ্ধার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে ভেসে যাওয়া পাঁচ বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের পুলিশ পার্ক এলাকার নদী থেকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা প্রয়োজনীয় চিকিৎসা দেন। বর্তমানে শিশুটি হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে এবং তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।


উদ্ধার হওয়া শিশুটির নাম আরওয়া মাহমুদ (৫)। সে চুয়াডাঙ্গা পৌর শহরের পলাশপাড়ার বাসিন্দা মাহমুদ হাসানের মেয়ে। তার মা ফারহানা বিথী চুয়াডাঙ্গা পুলিশ পার্ক লেনের এআর মালিক ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মাথাভাঙ্গা নদীর তীরবর্তী পুলিশ পার্ক এলাকায় কয়েকজন ব্যক্তি ঝোপঝাড় পরিষ্কারের কাজ করছিলেন। এ সময় তাঁরা নদীর স্রোতে একটি শিশুকে ভেসে যেতে দেখেন। বিষয়টি বুঝতে পেরে তাঁরা দ্রুত নদীতে নেমে শিশুটিকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।


শিশুটির মা ফারহানা বিথী জানান, সকালে তিনি বিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। তাঁর সন্তান অত্যন্ত চঞ্চল। কখন সে স্কুল থেকে বের হয়ে নদীর পাড়ে চলে গেছে, তা তিনি বুঝতে পারেননি।


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা শিশুটিকে অচেতন অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটির হৃদস্পন্দন পাওয়া যায়। পরে জরুরি বিভাগে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তাকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)