ছবির ক্যাপশন:
ঝিনাইদহে শহরের কাঞ্চননগর বাবুর আলীর মোড়ে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে সুমাইয়া খাতুন সোমা (২৬) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল বুধবার বেলা ১০টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘাতক প্রাক্তন স্বামী এনামুল হক মিরাজকে আটক করেছে পুলিশ। সুমাইয়া খাতুন কাঞ্চননগর মহল্লার সেকেন্দার শেখের মেয়ে।
নিহতের ভাই রাতুল হোসেন জানান, সুমাইয়ার সাথে এনামুল হক মিরাজের ৮ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে ফারহান নামের ৬ বছরের এক সন্তান হয়েছে। চার বছর তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে।
তিনি আরও জানান, ছাড়াছাড়ির পর প্রাক্তন স্বামী মিরাজ তাদের এলাকায় প্রায় সময় আসা-যাওয়া করতো। বুধবার সকালে সোমা তার বাচ্চা স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিল। সেসময় বাড়ির সামনে মিরাজের সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে সোমার মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হন। সোমাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মিরাজকে আটক করা হয়েছে।
ওসি আরও জানান, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে শোনা যাচ্ছে, মিরাজ আবারো সুমাইয়াকে বিয়ে করার প্রস্তাব দিলে তিনি তা অস্বীকার করেন। এ নিয়ে বিরোধ। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে।
