মাখালডাঙ্গায় উন্নয়ন প্রকল্পে হরিলুটের অভিযোগ, নিয়ন্ত্রণে ইউপি সদস্য নাসির

নামমাত্র কাজ ও ভূতুড়ে প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাৎ!

আপলোড তারিখঃ 2026-11-19 ইং
মাখালডাঙ্গায় উন্নয়ন প্রকল্পে হরিলুটের অভিযোগ, নিয়ন্ত্রণে ইউপি সদস্য নাসির ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের অর্থে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও হরিলুটের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। টিআর (টেস্ট রিলিফ), কাবিখা (কাবিটা) এবং ভূমি হস্তান্তর করের বরাদ্দের অর্থে নামমাত্র কাজ বা কোনো কোনো ক্ষেত্রে ভূতুড়ে প্রকল্প দেখিয়ে পুরো অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন এলাকাবাসী। এসব প্রকল্পের প্রায় সিংহভাগ কাজেই পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি)-এর সভাপতি হিসেবে এককভাবে নিয়ন্ত্রণ করেছেন ইউপি সদস্য নাসির উদ্দীন। অথচ জনগণের কষ্টার্জিত অর্থের যথেচ্ছ অপব্যবহার ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে জনদুর্ভোগ আরও বহুগুণ বেড়ে গেছে।


অনুসন্ধানে জানা যায়, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে মাখালডাঙ্গা ইউনিয়নে বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন প্রকল্পগুলোতে অনিয়মের দীর্ঘ তালিকা রয়েছে। এর মধ্যে ২০২৫-২৬ অর্থবছরে হানুরবাড়াদি গ্রামের আকালের বাড়ি থেকে রাজ্জাকের বাড়ি অভিমূখে রাস্তা ভরাটসহ এইচবিবি (হেরিং বোন বন্ড) করণে ২ লাখ টাকা, একই অর্থবছরে শীকোল গ্রামের খালপাড়া বাবলুর বাড়ি থেকে খাল অভিমূখে রাস্তা মাটি ভরাটসহ এইচবিবিকরণে ২ লাখ টাকা এবং হানুরবাড়াদির মহসিনের বাড়ি থেকে মতিয়ারের বাড়ির অভিমূখে রাস্তা মাটি ভরাটসহ এইচবিবিকরণে ২ লাখ ১৫ হাজার টাকার কাবিটা প্রকল্প বরাদ্দ দেওয়া হয়।


এছাড়া ২০২৪-২৫ অর্থবছরের টিআর প্রকল্পে হানুরবাড়াদীর মোজ্জামেলের বাড়ি থেকে গান্দি মালিতার পুকুর অভিমূখে রাস্তা উন্নয়ন ও এইচবিবিকরণে ১ লাখ ৮০ হাজার টাকা এবং একই অর্থবছরের অন্য একটি টিআর প্রকল্পে কুদ্দুরের জমি থেকে দেলোয়ারের খেজুর বাগান অভিমূখে মাটি ভরাট ও এইচবিবিকরণে ৭ লাখ ২১ হাজার ৫শ টাকা বরাদ্দ দেখানো হয়েছে। একইভাবে হানুরবাড়াদি গ্রামের জামালের বাড়ি থেকে আব্দারের বাড়ির অভিমূখে রাস্তা ভরাটসহ এইচবিবিকরণে কাবিটা প্রকল্পের আওতায় ৫ লাখ ৬৫ হাজার ৭শ টাকা বরাদ্দ নেওয়া হয়।


রাস্তাঘাট ও সিসি রাস্তা ছাড়াও বিশুদ্ধ পানি সরবরাহ এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের নামেও হরিলুটের হীন চিত্র স্পষ্ট। ২০২৪-২৫ অর্থবছরের টিআর প্রকল্পের আওতায় হানুরবাড়াদী কবরস্থানের নিকট, ঠাকুরপুর খলিলের জমির পাশে, জাফরপুর মন্দিরের পাশে, মাখালডাঙ্গা বড়ধনধরার মাঠে, শ্রীকোল মনি সাহার আকড়ার পাশে, দিননাথপুর বড় বটতলার মোড়, গাইদঘাট রেল স্টেশন ও বাজার সংলগ্ন, কুকিয়াচাঁদপুর মন্দির ও নতুন ঈদগার পাশে, গাড়াবাড়িয়া আজির মালিতার জমির পাশে এবং ইকতোর বিলের পাশে গোড়া বাধানোসহ মাত্র ১২টি টিউবওয়েল স্থাপনের নামে বরাদ্দ দেওয়া হয় ২ লাখ ৪০ হাজার টাকা। অথচ বাস্তবে এসব স্থানে কাজের মান অত্যন্ত নিম্নমানের এবং ভূতুড়ে বিল তোলার জোরালো অভিযোগ রয়েছে। অন্যদিকে, ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে সিসি ক্যামেরা স্থাপনে কাবিটা থেকে ২ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ দেখানো হলেও তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।


তালিকায় আরও রয়েছে ভূমি হস্তান্তর করের ১% তহবিল থেকে বরাদ্দকৃত প্রকল্প। এর মধ্যে গাইদঘাট ছাইপোতার মাঠে জয়নালের জমির পাশে ও উকতোর কাশমের বাঁশঝাড়ের নিকট ইউ ড্রেন নির্মাণ এবং গাড়াবাড়িয়ার বিল্লালের বাড়ির নিকট জলাবদ্ধতা নিরসনে পাইপ কালভার্ট নির্মাণে বরাদ্দ ছিল ২ লাখ টাকা। অদ্ভুত ব্যাপার হলো, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষ ওয়ারিংসহ এসি স্থাপন, একটি জা থাই গ্লাস এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টার গ্লাস দিয়ে ঘেরার মতো ব্যক্তিগত ও দাপ্তরিক সৌন্দর্যবর্ধনমূলক কাজেও ভূমি হস্তান্তর করের তহবিল থেকে ১ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ নেওয়া হয়েছে।


এলাকাবাসীর অভিযোগ, এসব প্রকল্পের প্রায় প্রতিটিতেই প্রাক্কলন (এস্টিমেট) ও বাস্তবায়নের মধ্যে বিশাল ফারাক রাখা হয়েছে। নিম্নমানের ইট, খোয়া ও অপর্যাপ্ত বালু ব্যবহার করায় কাজের স্থায়িত্ব নিয়ে শুরুতেই শঙ্কা দেখা দিয়েছে। অনেক স্থানে কাজ কাগজে-কলমে শেষ দেখানো হলেও বাস্তবে কোনো অস্তিত্ব নেই কিংবা অতি সামান্য কাজ করে সম্পূর্ণ বিল তুলে নেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের প্রায় সবোর্চ্চ ও সিংহভাগ বরাদ্দ এক ইউপি সদস্যের পকেটে বা নিয়ন্ত্রণে যাওয়া এবং তাতে এমন হরিলুট এলাকাবীকে চরম বিপত্তি ও হতাশার মধ্যে ফেলে দিয়েছে।


অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত পিআইসি সভাপতি ও ইউপি সদস্য নাসির উদ্দীনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে সমস্ত অনিয়ম ও দুর্নীতির দায় এড়িয়ে মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ^জিৎ সাহা অদ্ভুত এক মন্তব্য করে বলেন, ‘ইঞ্জিনিয়ার এস্টিমেট করেছে। তিনিই ভালো বলতে পারবেন, বেশি মূল্য কেন দেখানো হয়েছে। আমরা যে কাজগুলো করেছি, মোটামুটি ভালো করেছি। বারবার নিউজ করে লাভ নেই।’


জনকল্যাণের নামে বরাদ্দকৃত সরকারি অর্থের এমন নয়ছয় ও স্বেচ্ছাচারিতা দেখে ক্ষুব্ধ স্থানীয় সচেতন মহল। অবিলম্বে দুর্নীতি হওয়া এসব প্রকল্পের সুনির্দিষ্ট অভিযোগগুলো আমলে নিয়ে উপজেলা প্রশাসনের নিরপেক্ষ ও কঠোর তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)