ছবির ক্যাপশন:
দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের খেলার মাঠ দখলমুক্ত করে খেলাধুলার উপযোগী করা এবং বিদ্যালয় থেকে মাঠে সরাসরি যাতায়াতের বন্ধ রাস্তা উন্মুক্ত করার দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উন্নয়ন পরিষদ, বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ স্মারকলিপি দেওয়া হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষে স্মারকলিপিতে স্বাক্ষর করেন দামুড়হুদা উন্নয়ন পরিষদের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান তনু।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শতবর্ষী দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের ক্রীড়াক্ষেত্রে রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। একসময় এ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় তৈরিহয়েছেন। অথচ বর্তমানে বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। মাঠের বিভিন্ন অংশ ব্যক্তিগতভাবে দখল হয়ে যাওয়ায় এবং গবাদিপশুর চারণভূমিতে পরিণত হওয়ায় সেখানে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।
এতে আরও বলা হয়, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশের পাশাপাশি অনলাইন আসক্তি ও মাদকের আগ্রাসন থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ জন্য বিদ্যালয়ের খেলার মাঠটি দ্রুত দখলমুক্ত করে সংস্কারের মাধ্যমে খেলাধুলার উপযোগী করা জরুরি।
স্মারকলিপিতে বিদ্যালয় থেকে মাঠে যাতায়াতের পথ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টিও তুলে ধরা হয়। বিদ্যালয় ও খেলার মাঠের মধ্যবর্তী স্থানে দশমী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াতে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। একসময় দশমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের সীমানা ঘেঁষে পাইলট হাইস্কুল থেকে মাঠে যাওয়ার জন্য প্রায় চার ফুট প্রশস্ত একটি রাস্তা রাখা হয়েছিল। কিন্তু স্থানীয়ভাবে অবৈধ দখলের কারণে বর্তমানে সেই রাস্তাটিও বন্ধ হয়ে গেছে। ফলে শিক্ষার্থীদের দীর্ঘ পথ ঘুরে মাঠে যেতে হচ্ছে। এতে বিদ্যালয়ের অবসর সময়ে খেলাধুলার সুযোগ থেকেও তারা বঞ্চিত হচ্ছে।
এ অবস্থায় শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত খেলার মাঠটি দখলমুক্ত করা, প্রয়োজনীয় সংস্কার করা এবং দশমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের বন্ধ হয়ে যাওয়া রাস্তাটি উদ্ধার করে শিক্ষার্থীদের চলাচলের জন্য উন্মুক্ত করার জোর দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।
