মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

আপলোড তারিখঃ 2026-11-18 ইং
মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ছবির ক্যাপশন:

মেহেরপুরে স্ত্রী তাহমিনা খাতুনকে হত্যার দায়ে স্বামী শহিদুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তবে মামলার অপর আসামি আনোয়ারা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম কবির এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম মেহেরপুরের মুজিবনগর উপজেলার রসিকপুর গ্রামের রিফুজিপাড়ার দরুদ আলীর ছেলে।


মামলার বিবরণে জানা যায়, শহিদুল ইসলাম তার আগের চারটি বিয়ের বিষয় গোপন রেখে প্রায় ২৪ বছর আগে সাহেবপুর গ্রামের তাহমিনা খাতুনকে বিয়ে করেন। বিয়ের সময় তিনি নগদ ২ লাখ টাকা ও একটি গরু যৌতুক হিসেবে গ্রহণ করেন। তাঁদের দাম্পত্য জীবনে তিনটি কন্যাসন্তানের জন্ম হয়। পরবর্তী সময়ে পরকীয়া সম্পর্কের সূত্র ধরে আনোয়ারা খাতুন নামে আরও এক নারীকে বিয়ে করেন শহিদুল।


মামলার বিবরণ অনুযায়ী, পরবর্তী সময়ে অন্য স্ত্রীদের প্ররোচনায় শহিদুল তাহমিনা খাতুনকে তালাক দেন এবং মারধর করে বাড়ি থেকে বের করে দেন। পরে বিষয়টি মীমাংসার কথা বলে ২০১৮ সালের ১২ মার্চ তাহমিনাকে নিজের বাড়িতে ফিরিয়ে আনেন তিনি। একই বছরের ১৫ মার্চ তাহমিনার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। নির্যাতন সহ্য করতে না পেরে তাহমিনা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে এনে শহিদুল ও তার স্ত্রী আনোয়ারা খাতুনের সহযোগিতায় শ্বাসরোধে হত্যা করা হয়। পরে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করা হয়।


এ ঘটনায় নিহত তাহমিনার ভাই আলামিন বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা করেন। মামলাটি প্রথমে উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার পাল তদন্ত করেন। পরে মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করা হয়। সিআইডির উপপরিদর্শক আনোয়ার জাহিদ মামলাটি তদন্ত করেন এবং ময়নাতদন্তের প্রতিবেদন সংগ্রহ করেন। ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়।


তদন্ত শেষে ২০১৯ সালের ২ নভেম্বর শহিদুল ইসলাম ও আনোয়ারা খাতুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। পরে দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় অভিযোগ গঠন করে মামলার বিচারকাজ শুরু হয়। মামলায় মোট ১৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।


সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে শহিদুল ইসলামকে দোষী সাব্যস্ত করে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। তবে আনোয়ারা খাতুনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) এ এস এম সাইদুর রাজ্জাক টোটন এবং আসামিপক্ষে আইনজীবী আব্দুল মতিন কৌশলী ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)