চুয়াডাঙ্গায় টিআরসি নিয়োগের প্রথম দিনের বাছাই সম্পন্ন

আজ প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা

আপলোড তারিখঃ 2026-11-17 ইং
চুয়াডাঙ্গায় টিআরসি নিয়োগের প্রথম দিনের বাছাই সম্পন্ন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রথম দিনের মাঠপর্যায়ের কার্যক্রম সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে জেলা পুলিশ লাইন্সে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র প্রাথমিকভাবে যাচাই-বাছাই করা হয়। পুরো কার্যক্রম সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।


‘সেবার ব্রতে চাকরি’ প্রতিপাদ্যে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশে টিআরসি পদে নিয়োগের এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের নেতৃত্বে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি ও স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল, পিপিএম-সেবা, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (ইন্সপেকশন-১) মোছা. শাহিনা আক্তার উপস্থিত ছিলেন।


এছাড়া নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান (সদর সার্কেল, নড়াইল), অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন (ভেড়ামারা সার্কেল, কুষ্টিয়া), চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. সাজিদ হাসান, বক্ষব্যাধি ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. ফাতিমা হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রম তদারকি করেন।


এসময় পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার প্রার্থীদের উদ্দেশে বলেন, কনস্টেবল পদে নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করা হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি পরবর্তী সব পরীক্ষায় যারা ভালো করবেন, যোগ্যতার ভিত্তিতে কেবল তাঁরাই নিয়োগ পাবেন। তিনি আরও বলেন, যারা নিয়োগ পাবেন, তাঁরা নিজেদের যোগ্যতার ভিত্তিতেই চাকরি পাবেন। তাই প্রার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের কোনো প্রতারক বা দালাল চক্রের প্রলোভনে না পড়ার আহ্বান জানান তিনি।


জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আজ ১৭ নভেম্বর ও আগামীকাল ১৮ নভেম্বর শারীরিক যোগ্যতার প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা (ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট-পিইটি) অংশ নেবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)