চলন্ত মোটরসাইকেল থেকে লাফ দিয়ে রক্ষা পেল স্কুলছাত্র

আপলোড তারিখঃ 2026-11-17 ইং
চলন্ত মোটরসাইকেল থেকে লাফ দিয়ে রক্ষা পেল স্কুলছাত্র ছবির ক্যাপশন:

নিজের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় অপহরণকারীর কবল থেকে রক্ষা পেয়েছে রোহান হোসেন (১০) নামে এক স্কুলছাত্র। বাড়িতে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তি তাকে মোটরসাইকেলে তুলে নেয়। পরে চালক ভিন্ন পথে যেতে শুরু করলে সন্দেহ হয় শিশুটির। একপর্যায়ে চলন্ত মোটরসাইকেল থেকে লাফ দিয়ে নেমে দৌঁড়ে নিরাপদ স্থানে পালিয়ে যায় সে। গতকাল সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার সেনেরহুদা গ্রামে এ ঘটনা ঘটে। রোহান ওই গ্রামের মাঝের পাড়ার মিজানুর রহমানের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টা ১৪ মিনিটের দিকে রোহান রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। এসময় এক অপরিচিত ব্যক্তি তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটরসাইকেলে তুলে নেয়। তবে চালক রোহানের বাড়ির পথ এড়িয়ে অন্য রাস্তা দিয়ে মোটরসাইকেল চালাতে শুরু করলে শিশুটির সন্দেহ হয়।


একপর্যায়ে রোহান চিৎকার করে জানায়, মোটরসাইকেলটি তার বাড়ির পথে যাচ্ছে না। চালক মোটরসাইকেল না থামালে বিপদের আশঙ্কা করে চলন্ত মোটরসাইকেল থেকেই লাফ দেয় সে। এরপর দৌঁড়ে নিরাপদ স্থানে চলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় বাড়িতে ফিরে আসে রোহান। রোহান বাড়িতে ফেরার পর ঘটনাটি জানাজানি হয়। স্থানীয় একটি মসজিদের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ঘটনার বিস্তারিত জানা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।


এ ঘটনার পর সেনেরহুদা গ্রামসহ আশপাশের এলাকায় অভিভাবকদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সচেতন মহল ও গ্রামবাসীরা বলেন, শিশুদের নিরাপত্তার স্বার্থে প্রত্যেক অভিভাবককে আরও সতর্ক থাকতে হবে।পাশাপাশি এলাকায় অপরিচিত কাউকে মোটরসাইকেল নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলে তাঁকে জিজ্ঞাসাবাদের আহ্বান জানান তাঁরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)