ছবির ক্যাপশন:
খাদ্য উৎপাদনে সম্ভাবনাময় জেলা ঝিনাইদহে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাপ্তরিক কার্যক্রম ও মাঠপর্যায়ের সেবা ব্যাহত হচ্ছে জনবল সংকটে। জেলার ছয়টি উপজেলা কৃষি অফিস ও জেলা উপ-পরিচালকের কার্যালয়ে দীর্ঘদিন ধরে চলছে এ সংকট। অনুমোদিত পদের প্রায় ৩০ শতাংশই শূন্য পড়ে রয়েছে। ফলে কৃষকদের সময়মতো প্রয়োজনীয় পরামর্শ ও সেবা দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জনবল কাঠামোর তথ্য অনুযায়ী, ঝিনাইদহের এসব কার্যালয়ে মোট ৩৩২টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন ২৩২ জন। শূন্য রয়েছে ১০০টি পদ। তথ্য বিশ্লেষণে দেখা যায়, কৃষকদের সঙ্গে সরাসরি কাজ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ উপ-সহকারী কৃষি কর্মকর্তার সংকট সবচেয়ে বেশি। এ পদে ২০৭টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১৩৬ জন। শূন্য রয়েছে ৭১টি পদ। উপজেলাভিত্তিক হিসাবে ঝিনাইদহ সদরে ২০টি, শৈলকুপায় ১৯টি, কালীগঞ্জে ১৪টি, মহেশপুরে ৯টি, হরিণাকুণ্ডুতে ৮টি এবং কোটচাঁদপুরে একটি পদ খালি রয়েছে।
অন্যান্য প্রশাসনিক ও তদারকি পদেও রয়েছে জনবল ঘাটতি। কৃষি সম্প্রসারণ কর্মকর্তার ১২টি পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র পাঁচজন। শূন্য রয়েছে সাতটি পদ। এর মধ্যে ঝিনাইদহ সদরে দুটি এবং কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, শৈলকুপা ও হরিণাকুণ্ডুতে একটি করে পদ খালি রয়েছে। অতিরিক্ত কৃষি কর্মকর্তার ছয়টি পদের মধ্যে পাঁচটি পূরণ হলেও ঝিনাইদহ সদরে একটি পদ শূন্য রয়েছে।
এছাড়া সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তার ছয়টি পদের মধ্যে কোটচাঁদপুর ও মহেশপুরে দুটি পদ শূন্য রয়েছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ১৪টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন নয়জন। কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, শৈলকুপা ও হরিণাকুণ্ডুতে এ পদের পাঁচটি পদ খালি রয়েছে। উচ্চমান সহকারী তথা হিসাবরক্ষকের ছয়টি পদের মধ্যে কোটচাঁদপুরে একটি পদ শূন্য। স্প্রে মেকানিকের ছয়টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র দুজন। কোটচাঁদপুর, শৈলকুপা, মহেশপুর ও হরিণাকুণ্ডুতে একটি করে পদ খালি রয়েছে।
চতুর্থ শ্রেণির কর্মচারী ও জেলা কার্যালয়েও রয়েছে জনবল ঘাটতি। মেকানিকের ছয়টি পদের মধ্যে চারটি এবং অফিস সহায়কের আটটি পদের মধ্যে চারটি পদ শূন্য রয়েছে। পাশাপাশি জেলা উপপরিচালকের কার্যালয়ের গুরুত্বপূর্ণ জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ও ক্যাশিয়ার পদও দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে।
জনবল সংকটের বিষয়ে ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কামরুজ্জামান বলেন, ‘জনবল সংকট সত্ত্বেও কৃষকদের সেবা নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। সীমিত জনবল দিয়ে মাঠপর্যায়ের কার্যক্রম সচল রাখা এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও আধুনিক প্রযুক্তির সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। শূন্য পদগুলো দ্রুত পূরণ হলে কৃষিসেবার পরিধি আরও বাড়বে এবং কৃষকদের আরও দ্রুত ও কার্যকর সেবা দেওয়া সম্ভব হবে।’
