ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুত করার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে মজুত করা সার পাওয়ায় এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যার পর এই অভিযান শুরু হয়। অভিযান চালানো হয় ধানখোলার ব্যবসায়ী ইসরাইলের দোকানে ও তার শ্বশুরের গোডাউনে। অভিযানের খবর শুনে ইসরাইল পালিয়ে গেলেও তার শ্বশুর আব্দুল হান্নানের গোডাউনে অবৈধভাবে মজুদ করা সার পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত সূতে জানা গেছে, সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ১২(১) ধারায় আব্দুল হান্নানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। এসময় বিগত দিনে মজুত করা সার কোথায় বিক্রি করেছে, তার জবাব চেয়েছে উপজেলা প্রশাসন। সেই সঙ্গে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফায়েজুর রহমান ফয়েজ। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আরাফাত মিয়া ও প্রসিকিউটর মো. আতাহার আলী।
স্থানীয় কৃষকরা জানান, ডিলার পয়েন্ট থেকে কৃষকদের দেওয়ার কথা থাকলেও সার চলে যাচ্ছে বিভিন্ন দোকান ও গোডাউনে। ফলে কৃষকরা সার না পেয়ে বাধ্য হয়ে বেশি দামে সার কিনছেন। প্রশাসনের এমন অভিযানে কৃষকদের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা এই অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
