চুয়াডাঙ্গায় বারি প্রকল্পের ফলজ চারা বিতরণে ব্যাপক অনিয়ম!

নাম বদল, স্বজনপ্রীতি আর ভূতুড়ে বরাদ্দের মহোৎসব

আপলোড তারিখঃ 2026-11-15 ইং
চুয়াডাঙ্গায় বারি প্রকল্পের ফলজ চারা বিতরণে ব্যাপক অনিয়ম! ছবির ক্যাপশন:

কৃষি গবেষণার নতুন উদ্ভাবন ও কৃষকদের স্বাবলম্বী করার সরকারি মহৎ উদ্দেশ্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চুয়াডাঙ্গায় ‘প্রোডাকশন ও উপযোগিতা যাচাই ও এআরএস মেহেরপুর’ প্রকল্পের চারা বিতরণে চলছে চরম অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির মহোৎসব। একই পরিবারে বারবার বরাদ্দ দেওয়া, ভুয়া নাম ব্যবহার করে কাগজে-কলমে চারা লোপাট, বরাদ্দকৃত সংখ্যার চেয়ে কম চারা দেওয়া এবং পছন্দের লোক ও আত্মীয়-স্বজনদের মধ্যে তা কুক্ষিগত করার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে অনুসন্ধানে। আর এসব অনিয়মের মূল হোতা হিসেবে চুয়াডাঙ্গার দায়িত্বে থাকা বৈজ্ঞানিক সহকারী রাসেল কবীর তরফদারের বিরুদ্ধে জোরালো অভিযোগ উঠেছে। দীর্ঘদিন একই কর্মস্থলে পদায়ন থাকায় তিনি নিজের খেয়ালখুশিমতো অনিয়ম চালিয়ে গেলেও পুরো বিষয়টি যেন দেখার কেউ নেই।


অনুসন্ধানে জানা যায়, বেলগাছি গ্রামের হুমায়ন আহম্মেদের নামে প্রোডাকশন ও উপযোগিতা যাচাই প্রকল্পে বরাদ্দ থাকলেও তাকে ‘হুমায়ন কবীর’ নাম দেখিয়ে ৯০টি বারি আম-৩ এর চারা দেওয়া হয়েছে এআরএস প্রকল্প থেকে। একইভাবে কুটালি গ্রামের মোস্তফা কামালের নামে বরাদ্দ থাকলেও তাকে ‘মোস্তফা সাকিব’ নাম পরিবর্তন করে এআরএস মেহেরপুর প্রকল্পে ১২৫টি বারি মাল্টার চারা ধরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া গোবিন্দহুদা গ্রামের মো. দিপুর নামে ৬০ পিস বারি আম-৩ খাতা-কলমে দেখানো হলেও ভুক্তভোগী দীপু জানান, তাঁকে ৩০ পিস বা এর কিছু বেশি চারা দেওয়া হয়েছে, যেগুলোর অবস্থাও অত্যন্ত খারাপ এবং ভালোভাবে কলম করা না থাকায় অনেক চারা মারা গেছে। 


এদিকে কোটালী গ্রামের রফিকুল ইসলাম ২০০ চারা পেলেও সেগুলোর মান নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, চারাগুলো ভালো মানের নয়, অনেক চারা মারা গেছে এবং ফল না আসা পর্যন্ত জাত ভালো কি না তা বলা যাচ্ছে না। 


অন্যদিকে কুটালি গ্রামের তরিকুল ইসলাম ও আহমেদ নেজাবের ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে। জয়রামপুর গ্রামের আনোয়ার হোসেন বারীর কয়েকটি প্রকল্পের সুবিধাভোগী হওয়ার পাশাপাশি তাঁর নামে বারি আম-৩ ও ৪ এর ১২০ পিস চারা দেখানো হলেও তিনি পেয়েছেন ১০০টি এবং সেগুলোর মানও ভালো নয়। 


দামুড়হুদা বাজার পাড়ার মনিরুল ইসলাম ও তার ভাই রফিকুল ইসলাম বারীর একাধিক প্রকল্পের সুবিধাভোগী এবং প্রত্যেকে ১৪০ পিস করে বারি মাল্টার চারা পেলেও রফিকুল ইসলামের খাতা-কলমে নাম থাকলেও তার মোবাইল নম্বর হিসেবে ভাই মনিরুলের নম্বর ব্যবহার করা হয়েছে। সদর উপজেলার মুন্সীপাড়ার আতিকুর রহমানের নামে খাতা-কলমে ২১০টি বারি আমের চারা দেখানো হলেও তিনি পেয়েছেন মাত্র ১০০ থেকে সর্বোচ্চ ১৫০টি। একইভাবে কুটালি গ্রামের তৌফিক হোসেন বারির একাধিক প্রকল্পের সুবিধাভোগী হিসেবে ২১০টি বারি মাল্টার চারা পেলেও বুজরুক গড়গড়ি গ্রামের সেলিম রেজা ১৩০টি বারি আমের চারা বরাদ্দের বিপরীতে পেয়েছেন মাত্র ১১০টি। বারীর হাতেগোনা অল্প কিছু বরাদ্দে এ ধরনের বহুমুখী অনিয়ম করে পছন্দসই ও আত্মীয়-স্বজনদের মধ্যে চারা বিতরণের অভিযোগ উঠেছে বৈজ্ঞানিক সহকারী রাসেল কবীর তরফদারের বিরুদ্ধে। তার বাড়ি চুয়াডাঙ্গাতেই হওয়ায় এবং দীর্ঘদিন ধরে একই স্থানে পদায়ন থাকায় তিনি এই সিন্ডিকেট গড়ে তুলেছেন বলে জানা গেছে।


নিজের বিরুদ্ধে ওঠা এসব স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগের বিষয়ে বৈজ্ঞানিক সহকারী রাসেল কবীর তরফদার কোনো সদুত্তর না দিয়ে দায়সারা মন্তব্য করে বলেন, “একই পরিবারে দেওয়া যাবে না, এমন বিধি নেই। আর অল্প বরাদ্দ থাকে চুয়াডাঙ্গার জন্য। একইজন প্রত্যেক বছর পেলে কোনো ক্ষতিও নেই, কারণ একইজন প্রত্যেক বছর পাবে না, এমন আইন নেই। আমরা যেটা করেছি, ভালো কাজ হয়েছে।” এসময় তিনি কৃষকদের চারা না পাওয়ার অভিযোগও পুরোপুরি অস্বীকার করে দাবি করেন, যার যতটুকু বরাদ্দ দেখানো হয়েছে, তিনি ততটুকুই পেয়েছেন।


এদিকে প্রকল্পের পরিচালক ড. মো. মতিয়ার রহমান বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করে জানান, চুয়াডাঙ্গা জেলায় বরাদ্দের পরিমাণ খুবই কম এবং অল্প বরাদ্দ থেকেই সেখানকার স্থানীয় দায়িত্বে থাকা রাসেল কবীর তরফদার চারা বিতরণ করেন। তবে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে তিনি বলেন, “যদি এমন হয়ে থাকে যে অনিয়ম হয়েছে, তাহলে আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব।”

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)