মালয়েশিয়ায় ভিডিও কলে প্রবাসী যুবকের আত্মহত্যার অভিযোগ

সেই শামীমের লাশ দেশের পৌঁছানোর পর দাফন

আপলোড তারিখঃ 2026-11-15 ইং
মালয়েশিয়ায় ভিডিও কলে প্রবাসী যুবকের আত্মহত্যার অভিযোগ ছবির ক্যাপশন:

প্রেমের সম্পর্কে বিচ্ছেদ ও বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়টি মেনে নিতে না পেরে মালয়েশিয়ায় আত্মহত্যা করেছেন সাইফুল ইসলাম শামীম (২৫) নামের এক প্রবাসী যুবক। পরিবারের দাবি, দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্কের সূত্র ধরে তাঁর কাছ থেকে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছিলেন প্রেমিকা। সম্প্রতি ওই তরুণীর অন্যত্র বিয়ের প্রস্তুতির কথা জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েন শামীম। মৃত্যুর নয় দিন পর গতকাল শনিবার ভোররাতে তাঁর মরদেহ বাড়িতে পৌঁছায়। গতকাল শনিবার বেলা ১১টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।


সাইফুল ইসলাম শামীম চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের কালুপোল গ্রামের নুর আলীর ছেলে। গত ৫ নভেম্বর বৃহস্পতিবার রাত ১১টার দিকে মালয়েশিয়ায় কর্মস্থলে গিয়ে তিনি আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তাঁদের দাবি, প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় তিনি আত্মহত্যা করেন।


পরিবার সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে চুয়াডাঙ্গার সুবদিয়া গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের মেয়ে নওশীনের সঙ্গে শামীমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাস দিয়ে নওশীন শামীমের কাছ থেকে প্রতি মাসে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিতেন। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতির অংশ হিসেবে শামীমের হাতে আংটিও পরিয়ে দেওয়া হয়েছিল বলে পরিবারের সদস্যরা জানান।


তবে কিছুদিন আগে শামীম জানতে পারেন, নওশীন অন্য এক ছেলের সঙ্গে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে নওশীন তাঁকে জানান, পরিবারের সদস্যরা শামীমকে পছন্দ করছেন না। এরপরই শামীম মানসিকভাবে ভেঙে পড়েন বলে পরিবারের দাবি।


শামীমের দুলাভাই আসাদুজ্জামান বলেন, “শামীম খুবই সাদাসিধে স্বভাবের ছেলে ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেওয়ার বিষয়টি সে মেনে নিতে পারেনি। শেষ পর্যন্ত নিজের জীবনটাই এভাবে শেষ করে দিয়েছে।”


শামীমের ভাগ্নে তুহিন আহমেদ বলেন, “মেয়েটি আমার মামার জীবনটা কেড়ে নিয়েছে। তবে মামার ব্যবহৃত মোবাইল ফোনটি হাতে পেলে এ বিষয়ে আরও কিছু তথ্য পাওয়া যেতে পারে।”

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)