আলমডাঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের পথ বন্ধের অভিযোগ, ভোগান্তি

আপলোড তারিখঃ 2026-11-15 ইং
আলমডাঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের পথ বন্ধের অভিযোগ, ভোগান্তি ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের কায়েতপাড়া গ্রামে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাঁশের বেড়া দিয়ে একটি পরিবারের যাতায়াতের একমাত্র পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে পাঁচ প্রতিবেশীর বিরুদ্ধে। এতে চরম ভোগান্তিতে পড়েছে পরিবারটি। চলাচলের পথ খুলে দেওয়া ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী রবিউল ইসলাম। একই সঙ্গে প্রতিকার চেয়ে চুয়াডাঙ্গার জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতেও আবেদন করেছেন তিনি।


গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবেশী জামাত আলী ও তাঁর ছেলেসহ পাঁচজনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দেন রবিউল ইসলাম। অভিযুক্তরা হলেনÑমো. জামাত আলী (৬০), তাঁর ছেলে লাবলু (৪০), আজিজ (৪৫), টুটুল (৩২) এবং মৃত আমদ আলীর ছেলে পান্না (৪০)।


অভিযোগ সূত্রে জানা যায়, কায়েতপাড়া গ্রামের রবিউল ইসলাম ও তাঁর ছোট ভাই নাজমুলের সঙ্গে প্রতিবেশী জামাত আলীর একই দাগের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। রবিউলের দাবি, তাঁদের দাদা পারিবারিকভাবে জমি ভাগ করে দেওয়ার পর তাঁর বাবা সেখানে বসতবাড়ি নির্মাণ করেন। প্রায় ৭০ বছর ধরে ওই বাড়িতে বসবাস করছে তাঁদের পরিবার।


অভিযোগে বলা হয়েছে, গত ২৩ অক্টোবর বিবাদীরা বসতবাড়ির সামনে বাঁশের বেড়া দিয়ে প্রবেশপথ আটকে দেন। পরে গত ১১ নভেম্বর বিকেল ৩টার দিকে বাড়ির পশ্চিম পাশে মূল সড়কের সঙ্গে সংযোগকারী চলাচলের পথটিও বাঁশের বেড়া দিয়ে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। রবিউলের দাবি, তাঁর পরিবার ৬০ বছরেরও বেশি সময় ধরে ওই পথ ব্যবহার করে আসছে। পথটি বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের সদস্যদের স্বাভাবিক চলাচল, কৃষিকাজ এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ব্যাহত হচ্ছে।
চুয়াডাঙ্গার জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা আবেদনে বিরোধপূর্ণ জমির তফসিল হিসেবে আলমডাঙ্গা উপজেলার কায়েতপাড়া ১১২ নম্বর মৌজার আরএস ৩৪৮ খতিয়ানের ১৬১০ নম্বর দাগ উল্লেখ করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, ওই জমির পশ্চিম পাশের আইল দিয়ে মূল সড়কে যাতায়াতের পথ রয়েছে। আদালতের নিষেধাজ্ঞা জারির পরও সেখানে বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথ আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন রবিউল।


এ বিষয়ে ইউপি সদস্য কফিল উদ্দিন বলেন, “বিষয়টি আমি জানি। প্রায় এক মাস আগে উভয় পক্ষকে নিয়ে মীমাংসার চেষ্টা করেও সমাধান হয়নি। পরে আদালতের নিষেধাজ্ঞা জারির পরও জামাত আলীরা বেড়া দিয়ে পথ বন্ধ করেছেন। জমি নিয়ে বিরোধের কারণে পথ বন্ধ হওয়ায় পরিবারটি সমস্যায় পড়েছে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হবে। তবে আদালতের নির্দেশনা মেনে চলা সবার দায়িত্ব।”


এদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্ত জামাত আলী ও অন্যদের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্যও জানা সম্ভব হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)