ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে ১৪৯ বোতল ভারতীয় কাশির সিরাপ ও ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গত শুক্রবার বিকেল থেকে গতকাল শনিবার এসব অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি।
৫৮ বিজিবি সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬৬-এমপি থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের দলিল মিয়ার আমবাগানে অভিযান চালানো হয়। সুবেদার মো. আলী হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মালিকবিহীন ৫৪ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়।
এরপর রাত পৌনে ১টার দিকে সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৫৪/১-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাকরাইল রাস্তার পাশ থেকে ৯৫ বোতল ভারতীয় এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়। হাবিলদার সঞ্জয় কুমার সিংহের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এছাড়া রাত আড়াইটার দিকে নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৪/২-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিংনগর হালদারপাড়া গ্রামের ফকিরের কলাক্ষেতের পাশ থেকে ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। হাবিলদার মো. হেমায়েতের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
