ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার গড়াইটুপিতে চিত্রা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন
তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদের জমিতে পার্শ্ববর্তী চিত্রা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ইটভাটা মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার এসবিএস (সুপার) ব্রিক্সের মালিক অহেদ আলীকে নগদ ১০ হাজার টাকা জরিমানা এবং ওই বালি স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়ন পরিষদের জায়গায় বেশ কিছুদিন আগে পার্শ্ববর্তী চিত্রা নদী থেকে এক সপ্তাহ ধরে অবৈধভাবে বালি উত্তোলন করছিলেন একই ইউনিয়নের এসবিএস ব্রিক্সের মালিক অহেদ আলি। গতকাল বৃহস্পতিবার অহেদ আলী তিনটি ট্রাক্টর দ্বারা ওই বালি নিতে আসলে স্থানীয় জনগণ তাতে বাঁধা প্রদান করে। পরে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া, পরবর্তিতে বালি না তোলার শর্তে তাকে ছেড়ে দেয়া হয়। নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াশীমুল বারী বলেন, যেহেতু অবৈধভাবে চিত্রা নদীর মাঝখান থেকে এই বালি সরকারী নিয়ম না মেনে উত্তোলন করেছে। এই বালি তিনি এখান থেকে নিয়ে যেতে পারবে না। তবে এই বালি কেউ এখান থেকে নিতে পারবে না। তিনি আরও বলেন, এই বালু নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদ তৈরির কাজেই ব্যবহার হবে। পরে এই বালি স্থানীয় চেয়ারম্যান আকতার হোসেনের জিম্মায় রেখে দেয়।
