১০ টাকার ফুলকপিতেও ক্রেতা নেই, বাজারে মন্দা

মেহেরপুরে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম

আপলোড তারিখঃ 2026-11-14 ইং
১০ টাকার ফুলকপিতেও ক্রেতা নেই, বাজারে মন্দা ছবির ক্যাপশন:

মেহেরপুরের বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কমেছে অধিকাংশ সবজির দাম। বড় আকারের ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকা পিস। তবে সবজির দাম কমলেও বাজারে ক্রেতার উপস্থিতি কম থাকায় আশানুরূপ বেচাকেনা হচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে, গত সপ্তাহের তুলনায় মাছের দাম কিছুটা কমলেও এখনো চড়া রয়েছে। পাশাপাশি পাইকারি আড়তে খুচরা মাছ বিক্রির কারণে সাধারণ খুচরা ব্যবসায়ীরা ক্রেতা সংকটে পড়ছেন বলে অভিযোগ করেছেন তাঁরা।


গতকাল শুক্রবার সকালে মেহেরপুরের বিভিন্ন বাজার ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে। বাজারে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, বেগুন, টমেটো, শসা, আলু, লাউ, পেঁপে, বরবটি, পটল, ঝিঙে, শিম, ফুলকপি, মুলাসহ বিভিন্ন ধরনের সবজি বিক্রি হচ্ছে। শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কমেছে। তবে বেগুন, গাজর, আদা ও রসুনের দাম তুলনামূলক বেশি রয়েছে।


সবজির খুচরা মূল্য প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকা, রসুন ১০০ টাকা, কচু ৪০ টাকা, টমেটো ১০০ টাকা, কাঁচামরিচ ৩০ টাকা, বেগুন ৮০ টাকা, আদা ১৯০ টাকা, দেশি শসা ৮০ টাকা, কলা ৩৫ টাকা, আলু ২০ টাকা, লাউ ৩০ টাকা, পেঁপে ২০ টাকা, বরবটি ৫০ টাকা, গাজর ১৫০ টাকা, ওল ৫০ টাকা, লালশাক ৩০ টাকা, পটল ৩০ টাকা, মিষ্টিকুমড়া ৩০ টাকা, ঝিঙে ৪০ টাকা, পুঁইশাক ২০ টাকা, শিম ৫০ টাকা এবং মুলা ৩০ টাকা। নাজনি ডাঁটা বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি এবং ফুলকপি ১০ টাকা পিস।


সবজির পাইকারি মূল্য প্রতি কেজি পেঁয়াজ ৩৮ টাকা, রসুন ৯০ টাকা, কচু ৩৫ টাকা, টমেটো ৮০ টাকা, কাঁচামরিচ ২২ টাকা, বেগুন ৬৫ টাকা, আদা ১৭০ টাকা, দেশি শসা ৭০ টাকা, কলা ২৫ টাকা, আলু ১৫ টাকা, লাউ ২০ টাকা, পেঁপে ১০ টাকা, বরবটি ৪০ টাকা, গাজর ১৩০ টাকা, ওল ৩৫ টাকা, লালশাক ২৫ টাকা, পটল ২৫ টাকা, মিষ্টিকুমড়া ২০ টাকা, ঝিঙে ৩২ টাকা, পুঁইশাক ১০ টাকা, শিম ৩৭ টাকা এবং মুলা ২২ টাকা। নাজনি ডাঁটা বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি।


সবজি ব্যবসায়ী জাব্বার মিয়া বলেন, সবজির দাম তুলনামূলক অনেক কম। বড় আকারের ফুলকপি ১০ টাকা পিস বিক্রি করেও ক্রেতা পাওয়া যাচ্ছে না। প্রায় প্রতিটি সবজির দাম কমেছে, পাশাপাশি সবজি কেনার ক্রেতাও কমে গেছে। আমাদের বাজারের পাশে দুটি আড়ত রয়েছে। আড়তদাররাও এখন খুচরা বিক্রি করছেন। ফলে ক্রেতারা সরাসরি আড়ত থেকে পণ্য কিনছেন। এতে আমাদের মতো খুচরা ব্যবসায়ীদের বেচাকেনা কমে গেছে।


সবজি বিক্রেতা রুস্তম আলী বলেন, বর্তমানে সবজির বাজারে বেচাকেনা খুবই মন্দা। কিছুদিন আগেও ব্যবসা ভালো চলছিল। কিন্তু শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করায় বেচাকেনা কমে গেছে। বাজারের পাশেই আড়ত থাকায় সেখানে বিভিন্ন ধরনের সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ফলে খুচরা বাজারের বিক্রেতারা ক্রেতা সংকটে ভুগছেন।


সবজি ক্রেতা শাহাদত আলী বলেন, সবজির দাম এখন অনেক কম। কিন্তু চাষিদের সারসহ কৃষি উপকরণের দাম অনেক বেশি। সেই তুলনায় সবজি আবাদ করে কৃষকের লাভ হচ্ছে না, বরং লোকসান গুনতে হচ্ছে। অনেক কৃষক সবজি চাষ ছেড়ে দিচ্ছেন। তবে ক্রেতা হিসেবে আমরা এখন কম দামে সবজি কিনতে পারছি।


আরেক ক্রেতা ইমদাদুল হক বলেন, সবজির দাম কমলেও মাছের দাম অনেক বেশি। গত সপ্তাহের তুলনায় কিছু কিছু সবজির দাম প্রায় অর্ধেক কমেছে। আগে যে ফুলকপি ৫০ টাকা দিয়ে কিনতে হতো, এখন তা ১০ থেকে ১৫ টাকায় পাওয়া যাচ্ছে।
সবজির বাজারে স্বস্তি থাকলেও মাছের বাজারে তেমন স্বস্তি নেই। গত সপ্তাহের তুলনায় কিছু মাছের দাম সামান্য কমেছে। তবে রুই, কাতলা, সিলভার কার্প, তেলাপিয়া, পাঙ্গাস, গ্লাস কার্প, দেশি চিংড়ি, জিওল, কই ও বাটা মাছ বিক্রি হচ্ছে তুলনামূলক চড়া দামে। বিশেষ করে দেশি চিংড়ি ও ইলিশের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।


মাছের খুচরা মূল্য প্রতি কেজি রুই ৩৫০ টাকা, সিলভার কার্প (বড়) ২৫০ টাকা, তেলাপিয়া ১৯০ টাকা, পাঙ্গাস (বড়) ১৮০ টাকা, গ্লাস কার্প (বড়) ২৫০ টাকা, কাতলা (বড়) ৩৭০ টাকা, দেশি চিংড়ি ৯৫০ টাকা, জিওল মাছ ২৮০ টাকা, কই ২০০ টাকা, বাটা ১৫০ টাকা এবং ইলিশ ১ হাজার টাকা। মাছের পাইকারি মূল্য প্রতি কেজি রুই ৩২০ টাকা, সিলভার কার্প (বড়) ২২০ টাকা, তেলাপিয়া ১৬০ টাকা, পাঙ্গাস (বড়) ১৫০ টাকা, গ্লাস কার্প (বড়) ২৩০ টাকা, কাতলা (বড়) ৩৩০ টাকা, দেশি চিংড়ি ৮২০ টাকা, জিওল মাছ ২৪০ টাকা, কই ১৭৫ টাকা, বাটা ১২০ টাকা এবং ইলিশ ৯৫০ টাকা।


মাছ ব্যবসায়ী মিলন দিলীপ বলেন, বাজারে মাছের আমদানি কিছুটা কম এবং গত সপ্তাহের তুলনায় দামও সামান্য কমেছে। তবে ক্রেতার অভাবে মাছ বিক্রি করতে সমস্যায় পড়তে হচ্ছে। আমাদের বাজারের পাশেই বড় মাছের আড়ত রয়েছে। সেখানে পাইকারির পাশাপাশি খুচরা বিক্রিও হওয়ায় আমাদের বাজারে ক্রেতা ও বেচাকেনা কমে যাচ্ছে।


মাছ ব্যবসায়ী শ্রীপাল কৃষ্ণ হালদার বলেন, গত সপ্তাহের তুলনায় মাছের দাম কিছুটা কমেছে, তবে এখনো দাম বেশিই রয়েছে। আগে অনেক মাছের দাম কেজিপ্রতি ২৫০ টাকার কাছাকাছি ছিল, এখন কিছু মাছ ২০০ টাকার নিচেও বিক্রি হচ্ছে। তারপরও খুচরা বাজারে বেচাকেনা একেবারেই কম। আড়ত ও খুচরা বাজার কাছাকাছি হওয়ায় আমরা ক্রেতা সংকটে ভুগছি।


মাছ ক্রেতা তরিকুল ইসলাম বলেন, আমি অটোরিকশা চালাই। সপ্তাহে একদিন বাজার করতে আসি। এখন কাঁচা সবজির দাম অনেকটা কম হলেও মাছ ও মাংসের দাম বেশি। আমাদের মতো সাধারণ মানুষের কথা বিবেচনা করে মাছ ও মাংসের দাম কিছুটা কমানো হলে ভালো হয়। বাজারে চাল, ডাল, আটা ও চিনিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যও বিক্রি হচ্ছে। এসব পণ্যের খুচরা মূল্য প্রতি কেজি আটাশ চাল ৫৫ টাকা, লাল স্বর্ণা চাল ৫০ টাকা, আটা ৪৮ টাকা, মসুর ডাল ১২০ টাকা, কলাই ডাল ২০০ টাকা, মটর ডাল ৬০ টাকা, ছোলা ডাল ১১০ টাকা এবং চিনি ১১৫ টাকা।


মাংসের বাজারে গরুর মাংস কেজিপ্রতি ৮০০ টাকা, খাসির মাংস ১ হাজার ১০০ টাকা এবং ছাগলের মাংস ৯০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে ব্রয়লার মুরগি ১৮০ টাকা, সোনালি মুরগি ৩০০ টাকা, লেয়ার মুরগি ৩৮০ টাকা এবং দেশি মুরগি ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া চিনিহাঁস ৪৫০ টাকা, পাতিহাঁস ৩৫০ থেকে ৪০০ টাকা এবং রাজহাঁস ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মুরগির ক্রেতা সেলিম রেজা বলেন, মেহেরপুর বাজারের তুলনায় আমঝুপিতে ব্রয়লার, লেয়ার ও সোনালি মুরগির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা কম। বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং ও তদারকি করা প্রয়োজন।


সব মিলিয়ে মেহেরপুরের বাজারে শীতকালীন সবজির দাম কমায় সাধারণ ক্রেতারা কিছুটা স্বস্তি পেলেও মাছ ও মাংসের উচ্চমূল্য নিয়ে অসন্তোষ রয়েছে। অন্যদিকে আড়ত ও খুচরা বাজারের মধ্যে প্রতিযোগিতার কারণে ছোট ব্যবসায়ীদের বেচাকেনা কমে যাওয়ায় তাঁরা আর্থিক চাপে পড়েছেন। বাজারে নিয়মিত তদারকি এবং ব্যবসায়ীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ক্রেতারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)