কাজ পেয়ে লাপাত্তা ঠিকাদার

দেড় বছরেও শুরু হয়নি বীরশ্রেষ্ঠের গ্রামের রাস্তা

আপলোড তারিখঃ 2026-11-13 ইং
কাজ পেয়ে লাপাত্তা ঠিকাদার ছবির ক্যাপশন:

কার্যাদেশ ও চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে দেড় বছর আগে, কিন্তু কাজ শুরু করেননি ঠিকাদার। ফলে ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের গ্রামের অতিগুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার কাজ ঝুলে রয়েছে। চরম বেহাল ও খানাখন্দে ভরা এই সড়কে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন দুই জেলার চার উপজেলার অন্তত ২০ গ্রামের হাজার হাজার মানুষ।


বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা মোস্তাফিজুর রহমান জানান, মহেশপুর উপজেলার খর্দ্দখালিশপুর গ্রামের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সংযোগ সড়কটি চার বছরেরও বেশি সময় ধরে বেহাল দশায় পড়ে আছে। পিচ ও খোয়া উঠে গিয়ে পুরো সড়কে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টিতেই সেসব গর্তে পানি জমে কর্দমাক্ত হয়ে পড়ে, যা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী করে তোলে। ফলে ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেলের মতো ছোট যানবাহনগুলো প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে।


তিনি জানান, জনদুর্ভোগ কমাতে গত বছরের ২৪ সেপ্টেম্বর সড়কটি সংস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে দরপত্র আহ্বান করা হয়। নিয়ম অনুযায়ী কাজটি পান ঠিকাদার রফিকুল ইসলাম। কিন্তু কার্যাদেশ হাতে পাওয়ার পর থেকেই নানা অজুহাতে কালক্ষেপণ শুরু করেন তিনি। এ অবস্থায় গত ১৩ এপ্রিল কাজের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যায়।


এলাকার কলেজ শিক্ষক শামিম হোসেন জানান, ‘এই পথ দিয়ে প্রতিদিন শিক্ষার্থীসহ হাজারো সাধারণ মানুষ যাতায়াত করে। খানাখন্দের কারণে প্রায়ই গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে কোনো গর্ভবতী বা গুরুতর অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যাওয়া রীতিমতো জীবন-মৃত্যুর লড়াই হয়ে দাঁড়ায়।’


এলাকাবাসী আব্দুল গফুর জানান, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের গ্রামের এই সড়কটি দিয়ে ঝিনাইদহের এসবিকে, সাব্দালপুর এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ও রায়পুর ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের মানুষ নিয়মিত যাতায়াত করেন। এখন চলাচল করা খুবই মুশকিল।


এ বিষয়ে মহেশপুর উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক জানান, ‘নির্ধারিত সময়ে কাজ শুরু না করায় সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। বর্তমানে সড়কটি সংস্কারের জন্য নতুন করে দরপত্র (টেন্ডার) আহ্বানের প্রক্রিয়া চলছে। খুব দ্রুত সেই প্রক্রিয়া শেষ করে নতুন ঠিকাদারের মাধ্যমে সংস্কার কাজ শুরু করা সম্ভব হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)