ছবির ক্যাপশন:
আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজপথে মোকাবিলা করার সিন্ধান্ত নিয়েছে বিএনপি। এ জন্য সারা দেশের সব ইউনিটে কঠোর বার্তা দেওয়া হয়েছে। সেইসঙ্গে আ.লীগ নেতাদের ব্যবসা দেখা এবং নেতাদের শেল্টার দানকারীদের বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতিতে থাকবে ক্ষমতাসীন দল বিএনপি। আ.লীগ নেতাদের পক্ষে তদবির করায় গতকালই দুজনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে দলের বিভিন্ন নেতারা স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে আ.লীগকে আশ্রয় পশ্রয় দেওয়ার অভিযোগে নানা বক্তব্য বিবৃতি দেন।
আ.লীগকে শেল্টার দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি তেমন প্রকাশ্যে আলোচনা না হলেও দলের নেতাদের যেকোনো ঘরোয়া বৈঠকে এটি এখন নিয়মিত আলোচনার বিষয়। দলের ছোট একটি অংশ সুবিধার বিনিময়ে আ.লীগ নেতাদের শেল্টার দিলেও তা কোনোভাবেই মেনে নিতে পারছে না দল।
দণ্ডিত শেখ হাসিনার আগমন ঘিরে সারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্যের পেছনে এসব শেল্টার পাওয়া নেতারাই বেশি দায়ী বলে মনে করা হচ্ছে। তাই নিষিদ্ধ এ দলটির সঙ্গে কোনো ধরনের আপস বা মিলেমিশে থাকাকে সহজভাবে নেবে না দল। এমন বার্তাই সারা দেশে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে বিএনপির পাশাপাশি সরকারও নড়েচড়ে বসেছে। গত দুই থেকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বাড়ানো হয়েছে। সারা দেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। গাড়িতে আগুন দেওয়া বা যেকোনো নাশকতার সন্দেহে তল্লাশি আরো জোরদার করা হয়েছে। এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে দলের এমপি ও নেতৃস্থানীয় নেতাদেরও সহযোগিতা চাওয়া হয়েছে। নাশকতামূলক কর্মকাণ্ড এবং দেশকে অস্থিতিশীল করার তৎপরতা মোকাবিলায় রাজনৈতিক ও আইনি প্রক্রিয়ার কৌশল নিয়ে এগোচ্ছে ক্ষমতাসীন দলটি। সরকারের তরফ থেকে আইনের কঠোর প্রয়োগ করে নাশকতাকারীদের গ্রেপ্তার করা হচ্ছে।
দল হিসেবে বিএনপি রাজপথে সক্রিয় থেকে জনজীবন স্বাভাবিক রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা এবং একে কেন্দ্র করে আওয়ামী লীগের নাশকতার ছক রুখে দিতে সতর্কাবস্থানে রয়েছে প্রশাসন। নিষিদ্ধ দলটির ঝটিকা মিছিল ও নাশকতার ধরন বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় কর্মসূচির পরিবর্তে এলাকাভিত্তিক কর্মসূচি দেওয়া কৌশল নিয়েছে বিএনপি।
এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, প্রতিদিন ককটেল ফুটিয়ে, বোমাবাজি কিংবা জনমনে আতঙ্ক তৈরি করে শেখ হাসিনার দেশে ফেরার দিবাস্বপ্ন কখনোই সফল হবে না। তার এ অপচেষ্টা রাজপথ এবং আদালতের কঠোর আইনি প্রক্রিয়ায় রাজনৈতিক ও প্রশাসনিকভাবে নস্যাৎ করবে বিএনপি ও সরকার। তিনি বলেন, অস্থিতিশীলতা বা নাশকতার পথ বেছে নিয়ে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ব্যাহত করার যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে ও আইনি উপায়ে নস্যাৎ করা হবে। বিএনপির দায়িত্বশীল নেতারা জানান,
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যাপারে বিএনপির হাইকমান্ডের অবস্থান কঠোর। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যে দলটির এ অবস্থান স্পষ্ট হয়েছে। গত ৯ নভেম্বর জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'আমরা রাজপথে আছি এবং আমাদের রাজপথেই থাকতে হবে। রাজপথেই সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।' এছাড়া বিএনপির প্রতিটি বৈঠক থেকে নেতাকর্মীদের রাজপথে সরব থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এরই অংশ হিসেবে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিশাল র্যালির মাধ্যমে শোডাউন করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকার পরিচালনার পাশাপাশি দেশের অর্থনীতি সচল রাখা ও জনজীবন বিঘ্নিত হতে না দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে এগোচ্ছে বিএনপি।
নিষিদ্ধ আওয়ামী লীগ যদি গোপনে বা প্রকাশ্যে অস্থিতিশীলতা তৈরির কোনো চেষ্টা করে, তবে রাজপথেই রাজনৈতিকভাবে তা প্রতিহত করার বার্তা দিয়েছে বিএনপির শীর্ষনেতৃত্ব। সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানের নির্দেশনার পর কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় অবস্থান করে অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক রাখতে সহায়তা করার পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় কার্যক্রম পরিচালনা করছেন।
আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ঝটিকা হামলা কিংবা গোপন অপতৎপরতা সব এলাকায় একরকম নয়। তাই সারা দেশে কেন্দ্র থেকে একই ধরনের কর্মসূচি ঘোষণা না করে স্থানীয় পরিস্থিতি বিবেচনায় কর্মসূচি সাজানো হচ্ছে। যেসব এলাকায় নাশকতার ঝুঁকি বা সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা বেশি, সেখানে স্থানীয় বিএনপির উদ্যোগে পথসভা, জনসংযোগ ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে যাতে সাধারণ মানুষ আতঙ্কমুক্ত থেকে দৈনন্দিন কাজ ও ব্যবসা-বাণিজ্য চালিয়ে যেতে পারে।
বিএনপির হাইকমান্ডের সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের প্রধান অগ্রাধিকারগুলো হলো অর্থনীতি ও বাজার সচল রাখা। এক্ষেত্রে বন্দর, কলকারখানা, পরিবহন যোগাযোগব্যবস্থা ও ব্যবসা-বাণিজ্য যেকোনো মূল্যে স্বাভাবিক রাখা। জননিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সরকার কঠোর।
এক্ষেত্রে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ বা সরকারি-বেসরকারি সম্পদে হাত দিলে তাৎক্ষণিক কঠোর আইনি ব্যবস্থা নেওয়া। আইনি প্রক্রিয়ায় সাঁড়াশি অভিযান চালিয়ে অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের অস্থিতিশীলতা, সহিংসতা বা জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না।
