ছবির ক্যাপশন:
আওয়াল হোসেন, দর্শনা:
চুয়াডাঙ্গার দর্শনার ঐতিহ্যবাহী কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের চিনিকলে আগামী ১৮ ডিসেম্বর থেকে ২০২৬-২৭ মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আধুনিকায়নের পর নতুন মিলে এবারই প্রথম আখ মাড়াই কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। চলতি মৌসুমে ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ৮০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চিনিকল কর্তৃপক্ষ। গতকাল বুধবার চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. সামছুজ্জামান সুরুজের উদ্বোধনের মধ্যদিয়ে প্রতিবছর ১ সেপ্টেম্বর থেকে আখ রোপণ মৌসুম শুরু করা হয়। বর্তমান সরকার কৃষকবান্ধব। এ বছর আখ চাষে কৃষকদের ভর্তুকি দেওয়া হয়েছে। পাশাপাশি আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। ফলে কৃষকেরা আখ চাষে আগ্রহী হচ্ছেন। আগামীতে এ আগ্রহ আরও বাড়বে বলে আশা করছি।
ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, চলতি মৌসুমে বিএমআরআইকৃত নতুন মিলে আখ মাড়াই কার্যক্রম শুরু করতে চাই। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। মিল এলাকার কৃষকদের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে মাঠপর্যায়ে আখের আবাদ বাড়ানোর চেষ্টা চলছে। চিনিকলের সিডিও ও কর্মকর্তারা নিয়মিত কৃষকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং আখ চাষে উদ্বুদ্ধ করছেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, কৃষকদের ভর্তুকি ও আখের মূল্য বৃদ্ধির মাধ্যমে দেশের চিনি শিল্পকে এগিয়ে নিতে সরকার কাজ করছে। কৃষকদের সহযোগিতা ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ঐতিহ্যবাহী এ চিনিশিল্পকে টিকিয়ে রাখতে চিনিকল কর্তৃপক্ষও কাজ করে যাচ্ছে। চিনিকল কর্তৃপক্ষের প্রত্যাশা, নতুন মিলে আখ মাড়াই কার্যক্রম শুরু হলে উৎপাদন সক্ষমতা বাড়বে এবং কৃষকেরা আখ চাষে আরও উৎসাহিত হবেন।
