ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় অনুষ্ঠিত হয়েছে ৮ দলীয় মরহুম রাশেদ মিয়া ভাই গোল্ডকাপ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা। এতে ঝিনাইদহের কালীগঞ্জ ফুটবল একাদশকে ৩-০ গোলে হারিয়ে জয়লাভ করেছে স্বাগতিক আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থা। দলের পক্ষে তিনটি গোলই করে হ্যাটট্রিকের কৃতিত্ব অর্জন করেন ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় অপু। গতকাল বুধবার বিকেল ৪টায় আন্দুলবাড়ীয়া বাজারসংলগ্ন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলার প্রথমার্ধে একটি গোল করে স্বাগতিক দলকে এগিয়ে নেন তরুণ খেলোয়াড় অপু। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে শেষ পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থা।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আতিয়ার রহমান। তিনি আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন ও বল কিক করে খেলার উদ্বোধন করেন। এ সময় শান্তির প্রতীক হিসেবে দুটি কবুতর আকাশে উড়িয়ে দেওয়া হয়।
বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া বাজারের ব্যবসায়ী সংগঠনের সেক্রেটারি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর মনোনীত প্রতিনিধি মোল্লা মো. মোতাহারুল ইসলাম (চঞ্চল), আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, জ্যেষ্ঠ সাংবাদিক নারায়ণ ভৌমিক, মরহুম রাশেদ মিয়ার সহোদর রাসেল মিয়া, মোল্লা হাফিজুর রহমান (ইয়া খান) ও সাংবাদিকপুত্র মুস্তাসিম বিল্লাহ।
খেলা পরিচালনা করেন প্রধান রেফারি তরিকুল ইসলাম। সহকারী রেফারি ছিলেন ইব্রাহিম হোসেন ও আব্দুল হাই। ধারাভাষ্য দেন জীবননগরের জনপ্রিয় ধারাভাষ্যকার আব্দুল্লাহ আল-মামুন (মামুন নিরব)।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও মেসার্স মোল্লা জুয়েলার্সের স্বত্বাধিকারী মোল্লা জুয়েল। প্রথম গোলদাতার পুরস্কার দেন মা ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী ডা. সবুজ রানা।
