দামুড়হুদায় পানিতে আর্সেনিকের ভয়াবহতা, আক্রান্ত শত শত মানুষ

২০ জনের মৃত্যুর দাবি, নিরাপদ পানির জন্য আকুতি

আপলোড তারিখঃ 2026-11-11 ইং
দামুড়হুদায় পানিতে আর্সেনিকের ভয়াবহতা, আক্রান্ত শত শত মানুষ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় পানিতে আর্সেনিকের উপস্থিতি উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন গ্রামে আর্সেনিকযুক্ত পানি পান করে শত শত মানুষ আক্রান্ত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এ পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট সংখ্যা সরকারি নথিতে নিশ্চিত হওয়া যায়নি। নিরাপদ পানির অভাবে স্বাস্থ্যঝুঁকিতে দিন কাটছে বহু পরিবারের। আর্সেনিকের ভয়াবহতা থেকে বাঁচতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জরুরি সহযোগিতা চেয়েছেন এলাকাবাসী।


জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, ২০২১-২০২২ সালে এ অঞ্চলের পানিতে ব্যাপকভাবে আর্সেনিকের উপস্থিতি শনাক্ত হয়। এসময় প্রতিটি ইউনিয়নে টিউবওয়েলের পানি পরীক্ষা করা হয়। উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ২০ হাজার টিউবওয়েলের পানি পরীক্ষায় ১৮ হাজার ২০টি টিউবওয়েল আর্সেনিকমুক্ত এবং ১ হাজার ৮৮৫টি টিউবওয়েলে আর্সেনিকের উপস্থিতি পাওয়া যায় বলে জানিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম।


তিনি জানান, উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ভগিরথপুর গ্রামে আর্সেনিকের প্রকোপ তুলনামূলক বেশি। ২০২৪ সালের ২০ জুলাই জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ওই গ্রামের ১৩টি টিউবওয়েলের পানি পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১৩টিতেই শূন্য দশমিক ২ মাত্রার আর্সেনিক পাওয়া যায়। ভগিরথপুর ও গোপিনাথপুর গ্রামে আর্সেনিকে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।


এছাড়া ২০২৪ সালে আর্সেনিকপ্রবণ কয়েকটি এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা করা হয়। এর মধ্যে দামুড়হুদা সদর ইউনিয়নের উজিরপুর গ্রামে একটি, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের হৈবতপুর ও মদনা গ্রামে দুটি, কুড়ুলগাছি ইউনিয়নের আমডাঙ্গায় একটি, কার্পাসডাঙ্গা ইউনিয়নের হরিরামপুরে একটি এবং হাউলী ইউনিয়নের বড় দুধপাতিলা গ্রামে একটি নিরাপদ পানির পাইপলাইন স্থাপন করা হয়েছে। এসব ব্যবস্থার মাধ্যমে ৮৯০টির বেশি পরিবার আর্সেনিকমুক্ত পানি ব্যবহারের সুযোগ পাচ্ছে।


তবে হাউলী ইউনিয়নের বড় দুধপাতিলা গ্রামে আর্সেনিকের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেশি। স্থানীয় বাসিন্দাদের দাবি, আর্সেনিকযুক্ত পানি পান করে আক্রান্ত হয়ে এ গ্রামে পর্যায়ক্রমে ১৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন করিম জোয়ার্দারের ছেলে নুরুল ইসলাম (৫০), রিয়াজ উদ্দীনের ছেলে ইব্রাহিম হোসেন (৩৭), আব্দুল মান্নান (৫৫), নিয়ামত আলীর মেয়ে মাজেদা খাতুন (৩৫), আব্দুল হকের মেয়ে ববিতা খাতুন (৩০), শুকুর আলীর ছেলে আনছার আলী (৬২) ও আবুল হোসেনের ছেলে উম্বর আলী (৪৫)।


এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, ওই সময়ে তিনি দামুড়হুদা উপজেলায় কর্মরত ছিলেন না। ফলে মৃত্যুর বিষয়ে তাঁর কাছে বিস্তারিত তথ্য নেই।
অন্যদিকে দর্শনা থানাধীন ডিহি কৃষ্ণপুর গ্রামের গাবতলী পাড়ায়ও আর্সেনিকের প্রকোপের কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, ওই এলাকায় একই পরিবারের কয়েকজনসহ একাধিক ব্যক্তি আর্সেনিকজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন। এ গ্রামে ৪৫০ জনের বেশি মানুষ আর্সেনিক আক্রান্ত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


সরেজমিনে বড় দুধপাতিলা গ্রামে গিয়ে কয়েকজন আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া যায়। তাঁদের মধ্যে রয়েছেন আবুল হোসেনের ছেলে মজনু মিয়া, আলী আহম্মদের স্ত্রী লাইলী খাতুন, আবুল হোসেনের ছেলে গোলাম রসুল, প্রয়াত ওমর আলীর স্ত্রী নুরজাহান এবং আব্দুল হান্নানের স্ত্রী নার্গিস খাতুন। স্থানীয় বাসিন্দা ও আর্সেনিকমুক্ত পানি সরবরাহের দায়িত্বে থাকা বকুল মিয়া জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গ্রামে ২৫০ জনের মতো কার্ডধারী আর্সেনিক রোগী রয়েছেন। এ ছাড়া আরও প্রায় ১৫০ জন আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে।


স্থানীয় সূত্রে জানা যায়, ২০০০ সাল থেকে এ অঞ্চলে টিউবওয়েলের পানি পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় আর্সেনিকযুক্ত টিউবওয়েল, স্যালোমেশিন ও গভীর নলকূপ লাল রং দিয়ে এবং আর্সেনিকমুক্ত টিউবওয়েল সবুজ রং দিয়ে চিহ্নিত করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও বিভিন্ন বেসরকারি সংস্থা এ কার্যক্রম পরিচালনা করে।


জাপানের উন্নয়ন সংস্থা জাইকা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় আর্সেনিকমুক্ত পানির জন্য কয়েকটি স্থানে টিউবওয়েলের সঙ্গে মোটর ও পানির ট্যাংক স্থাপন করা হয়েছিল। তবে পানি শোধনের প্রয়োজনীয় উপকরণ দীর্ঘদিন সরবরাহ না পাওয়ায় সেগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যায়।


২০১৫ সালের ৩১ অক্টোবর বড় দুধপাতিলা গ্রামে স্থানীয় প্রশাসন, হাউলী ইউনিয়ন ও গ্রামবাসীর সহযোগিতায় ৪০ লাখ ৪২ হাজার ৭০০ টাকা ব্যয়ে নিরাপদ পানির ব্যবস্থা করা হয়। এছাড়া ২০০৪ সালে মদনা গ্রামে ইউনিসেফের সহযোগিতায় ৬০ লাখ টাকা ব্যয়ে ২৪০টি পরিবারের জন্য আর্সেনিকমুক্ত পানির ট্যাংক নির্মাণ করা হয়। বর্তমানে এ প্রকল্পের আওতায় ২৪০টি পরিবার উপকৃত হচ্ছে। ডিহি কৃষ্ণপুরের গাবতলী পাড়ায়ও পানির ট্যাংক নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, গত সেপ্টেম্বর মাসে বড় দুধপাতিলা ও গোপিনাথপুর গ্রামে ১৪৪ জন আর্সেনিক আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ২০২৫ সালের ৮ অক্টোবরের আগের কোনো তথ্য তাঁর কাছে নেই।


তিনি আরও বলেন, আর্সেনিক আক্রান্ত রোগীদের চিকিৎসা এবং নতুন রোগী শনাক্তের বিষয়ে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের জানানো হয়েছে। স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে রোগীর সংখ্যা ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, নিয়মিত পর্যবেক্ষণ এবং আর্সেনিকপ্রবণ এলাকা চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, পানিতে আর্সেনিক ছাড়াও লেড ও ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর পদার্থ থাকতে পারে। তাই টিউবওয়েলের পানি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।


চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন বলেন, দামুড়হুদা উপজেলার আর্সেনিক পরিস্থিতি জানতে স্বাস্থ্যকর্মীদের নিয়ে জরিপ পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ডিহি কৃষ্ণপুর, বড় দুধপাতিলা ও গোবিন্দহুদা গ্রামে আর্সেনিকের উপস্থিতির খবর পাওয়া গেছে। গোবিন্দহুদা গ্রামে আর্সেনিকে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে অনেক আগের মৃত্যুর সুনির্দিষ্ট সংখ্যা তাঁর জানা নেই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)