ছবির ক্যাপশন:
শিক্ষাঙ্গন যেখানে শিশুদের নিরাপদ আশ্রয়স্থল হওয়ার কথা, সেখানে এক শিক্ষকের বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলনের গুরুতর অভিযোগ এবং পরবর্তীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সমঝোতা ও চাকরিতে পুনর্বহালের ঘটনা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। আলোচিত সেই শিক্ষক এখন ক্লাসে ফিরলেও শিক্ষার্থী ও অভিভাবকদের মনে চাপা আতঙ্ক ও ক্ষোভ। নেপথ্যের চাঞ্চল্যকর কিছু তথ্য এবং সংশ্লিষ্টদের মুখোমুখি বক্তব্যে উঠে এসেছে এই বিশেষ প্রতিবেদন।
ঘটনার সূত্রপাত ও সাময়িক বরখাস্ত:
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাসুদুজ্জামান জানান, প্রতিষ্ঠানে ঘটে যাওয়া অনাকাক্সিক্ষত ঘটনাটি ছিল সম্পূর্ণ ব্যক্তিকেন্দ্রিক। প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ওবায়দুল ইসলাম তুহিনের বিরুদ্ধে ২০২৩ সালের ২৫ জুন পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির গুরুতর অভিযোগ ওঠে। এ ঘটনার পরই তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় তৎকালীন জেলা প্রশাসক তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। অধ্যক্ষ আরও জানান, ‘অভিযোগের পরপরই ম্যানেজিং কমিটির সভায় তাঁকে গ্রেপ্তারের তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তের সময় মামলাটির বিচারিক কার্যক্রম চলমান ছিল। এ অবস্থায় প্রতিষ্ঠান নিজস্ব নিয়মে কার্যক্রম পরিচালনা করতে থাকে।’
মামলা থেকে খালাস ও পুনর্বহালের প্রক্রিয়া:
দীর্ঘ আইনি লড়াইয়ের পর ওই মামলা থেকে খালাস পান শিক্ষক তুহিন। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ওবায়দুল ইসলাম তুহিন বলেন, ‘ওই ঘটনায় সাময়িক বরখাস্ত থাকাকালে আমার বেতন-ভাতা বন্ধ ছিল। পরবর্তী সময়ে আদালতে মামলাটি মোকাবিলা করে নির্দোষ প্রমাণিত হওয়ার পর আদালতের দেওয়া খালাসের কাগজপত্র প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে জমা দিই। পরে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ রেজ্যুলেশনের মাধ্যমে আমাকে পুনরায় শিক্ষকতায় যোগদানের সুযোগ দেয়।’
অধ্যক্ষ মো. মাসুদুজ্জামান জানান, ‘পরবর্তী সময়ে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে তিনি খালাস পেয়েছেন বলে আমরা প্রমাণ পাই। এরপর চাকরিতে পুনর্বহালের জন্য তিনি জেলা প্রশাসনের কাছে আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে স্কুল পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সময়ে পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫ সালের এপ্রিল মাসের ১৭ তারিখ থেকে তাঁকে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়।’
তিনি আরও দাবি করেন, ‘এ সিদ্ধান্ত কোনো একক ব্যক্তির ছিল না; বরং পরিচালনা কমিটির সবার সম্মতিক্রমে নেওয়া হয়েছিল। ওই কমিটির সভাপতি ছিলেন তৎকালীন জেলা প্রশাসক জহিরুল ইসলাম। আর যে শিক্ষার্থী হেনস্তার শিকার হয়েছিল, সে ওই ঘটনার পরপরই বিদ্যালয় ছেড়ে চলে যায়। বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ছাড়পত্রও দিয়েছিল।’
বিতর্কিত ওই শিক্ষককে পুনর্বহালের বিষয়ে অধ্যক্ষের যুক্তি, ‘আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা ও আস্থা রেখেই তাঁকে পুনর্বহাল করা হয়েছে। আদালত তাঁকে নির্দোষ ঘোষণা করেছেন। ওই ঘটনার পর থেকে তিনি বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। এ সময়ে তাঁর বিরুদ্ধে এ ধরনের কোনো সমস্যা আমাদের নজরে আসেনি।’
নেপথ্যের গোপন সমঝোতা ও রাজনৈতিক পদচারণা:
আইনি প্রক্রিয়ায় শিক্ষক তুহিন বেকসুর খালাস পেলেও এর নেপথ্য কাহিনী অত্যন্ত চাঞ্চল্যকর। অনুসন্ধানে ও গোপন সূত্রে জানা যায়, মামলা চলাকালীন স্থানীয় এক প্রভাবশালী মহলের হস্তক্ষেপে নেপথ্যে আপস-মীমাংসা করা হয়। অভিযোগ রয়েছে, জেলা জামায়াতে ইসলামীর আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিনের অফিসে ভুক্তভোগী ছাত্রীর পিতাকে ডেকে আনা হয়। সেখানে ৫০ হাজার টাকা প্রদান এবং একটি স্বনামধন্য স্কুলে ওই ছাত্রীকে ভর্তি করিয়ে দেওয়ার শর্তে ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়।
মূলত এই গোপন সমঝোতার কারণেই বিজ্ঞ আদালতে চলা বিচারাধীন মামলাটিতে কৌশলে শিক্ষক তুহিনকে নির্দোষ প্রমাণের রাস্তা তৈরি করা হয়। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শুনানিতে আগের অভিযোগ অস্বীকার করে সাক্ষ্য পরিবর্তন করা হয়। পরবর্তীতে তৎকালীন জামায়াতঘেঁষা জেলা প্রশাসক জহিরুল ইসলামের ওপর প্রভাব খাটিয়ে শিক্ষক তুহিনকে পুনরায় বিদ্যালয়ে বহাল করা হয় বলে অভিযোগ রয়েছে। এখানেই শেষ নয়; বর্তমান সময়ে এই বিতর্কিত শিক্ষক ওবায়দুল ইসলাম তুহিনকে চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য রুহুল আমিনের ব্যক্তিগত সহকারী বা পিএ হিসেবে বিভিন্ন সময়ে কাজ করতে দেখা যাচ্ছে।
শিক্ষার্থী ও অভিভাবকদের আতঙ্ক এবং ক্ষোভ:
আদালতের রায়ে খালাস পেলেও বিদ্যালয়ে ফিরে শিক্ষক তুহিনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বর্তমানে তিনি ক্লাসে পাঠদান করলেও শিক্ষার্থীদের অনেকেই তাঁকে ভয় পায়। বিশেষ করে ছাত্রীদের অভিভাবক মহলে এ নিয়ে তীব্র অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে। সচেতন মহলের প্রশ্ন- এতবড় একটি ন্যাক্কারজনক অভিযোগ ও নৈতিক স্খলনের দাগ থাকার পরও প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত জেলার একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে কীভাবে এমন শিক্ষক বহাল থাকেন?
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, আদালতের রায়ে আইনি মারপ্যাঁচে মুক্তি পেলেও নৈতিকভাবে এ ধরনের শিক্ষককে বিদ্যালয়ে পুনরায় সুযোগ দেওয়া কোনোভাবেই উচিত হয়নি। ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে এবং প্রতিষ্ঠানের সুনাম রক্ষার্থে অবিলম্বে এই শিক্ষককে বিদ্যালয় থেকে অপসারণের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল ও অভিভাবকবৃন্দ। এখন দেখার বিষয়, বর্তমান জেলা প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে।
