চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

সমবায় সমিতিগুলো স্বচ্ছতার সঙ্গে পরিচালনার আহ্বান

আপলোড তারিখঃ 2026-11-09 ইং
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত ছবির ক্যাপশন:

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার শোভাযাত্রা, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সমবায় মেলা এবং সমবায়ীদের সম্মাননা প্রদান করা হয়। কর্মসূচিতে বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায়ের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সমবায় সমিতিগুলোতে স্বচ্ছতা, জবাবদিহি ও নিয়মশৃঙ্খলা নিশ্চিত করার আহ্বান জানান।


চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে ডিসি সাহিত্য মঞ্চে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, সমবায় মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করে কর্মসূচির সূচনা করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক লুৎফুন নাহার সমবায় মেলার উদ্বোধন করেন।


জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক এইচ এম শাহরিয়ার শরীফের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম তারিক উজ-জামান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ ইশতিয়াক মাহমুদ এবং গীতা পাঠ করেন জিৎ সেন।


স্বাগত বক্তব্যে জেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাইদুর রহমান দেশের সমবায় খাতের সামগ্রিক চিত্র তুলে ধরেন। তিনি জানান, দেশে বর্তমানে প্রায় ১ লাখ ৭৫ হাজার সমবায় সমিতি রয়েছে। এসব সমিতির সদস্যসংখ্যা প্রায় ১ কোটি ২৪ লাখ। সমবায়ীদের সম্মিলিত মূলধনের পরিমাণ প্রায় ৩ হাজার ৫৭৬ কোটি টাকা।


চুয়াডাঙ্গা জেলার সমবায় কার্যক্রমের তথ্য তুলে ধরে তিনি বলেন, জেলায় বর্তমানে ১৩টি কেন্দ্রীয় ও ১ হাজার ৫৬২টি প্রাথমিক সমবায় সমিতি রয়েছে। এর মধ্যে ৩১৮টি সাধারণ প্রাথমিক সমবায় সমিতি। এসব সমিতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন ৬৭ হাজার ৮৫৫ জন সদস্য। তাঁদের সম্মিলিত সংগৃহীত মূলধনের পরিমাণ প্রায় ৩৫ কোটি ৭০ লাখ টাকা।


তিনি আরও বলেন, মানুষের সম্মিলিত উদ্যোগ, সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জাতীয় উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে সমবায় ব্যবস্থার গুরুত্ব ক্রমেই বাড়ছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে কৃষি, মৎস্য, ক্ষুদ্র ব্যবসা ও নতুন উদ্যোক্তা তৈরিতে সমবায় কার্যক্রম সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।


তিনি আরও বলেন, সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহি ও নিয়মশৃঙ্খলার সঙ্গে পরিচালনা করতে হবে। সমবায়ের নামে কেউ যেন সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। চুয়াডাঙ্গার সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে কর্মকর্তা, সমবায়ী ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় আরও বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র, সদর উপজেলার আদর্শ মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য ইকরামুল হক, আলোর আশা মহিলা সমবায় সমিতির সভাপতি নাসরিন পারভীন এবং জীবননগরের ফুলচাষি ব্যবসায়ী সমবায় সমিতির সম্পাদক।


এসময় উপস্থিত ছিলেন জেলা সমবায় কার্যালয়ের উপসহকারী নিবন্ধক কাজী বাবুল হোসেন, সদর উপজেলা সমবায় অফিসার আব্দুল আওয়াল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, জ্যেষ্ঠ সাংবাদিক মানিক আকবরসহ জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। আলোচনা সভা শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তারা। পরে দিনব্যাপী সমবায় মেলায় জেলার বিভিন্ন উদ্যোক্তা তাঁদের উৎপাদিত ও তৈরি করা পণ্য নিয়ে সাতটি স্টল সাজান।


দামুড়হুদা:
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানে দামুড়হুদায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বেলা ১০টায় উপজেলা পরিষদ চত্বরে সমবায় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে র‌্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা সমবায় অফিসার হারুন-অর-রশীদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, কৃষি কর্মকর্তা কৃষ্ণা সরকার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, দামুড়হুদা থানা জামায়াতের আমির নায়েব আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হারুনার রশিদ এবং উপজেলা মৎস্য অফিসার ফারুক মহলদার। এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বাচ্চুসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।


জীবননগর:
জীবননগরে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়। রোববার সকালে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সমবায় অফিসার নূর আলম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জুয়েল শেখ, উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শামসুল আরেফিন ও উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন মোড়লসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।


আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগে মানুষের আর্থিক ও সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য সমবায়ভিত্তিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম। এ সময় উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।


মেহেরপুর:
জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং সমবায়ীদের মধ্যে সম্মাননা স্মারক প্রদানের মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় সমবায় দিবস পালিত হয়। রোববার সকালে জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায় জাতীয় পতাকা এবং পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী ও জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিল্টন সমবায় পতাকা উত্তোলন করেন।


এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে দুপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুম মনির।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা এনামুল হক। সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপি নেতা হাফিজুর রহমান হাফি, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আমিনুল ইসলাম, ইউসিসি চেয়ারম্যান শামসুল আলম, সমবায় প্রতিনিধি গুরুদাস হালদার ও মাজেদ আলীসহ অন্যরা।


বক্তারা সমবায় আন্দোলনের গুরুত্ব, সমবায়ের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন এবং দেশের সামগ্রিক অগ্রগতিতে সমবায়ীদের ভূমিকা তুলে ধরেন। তাঁরা বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করলে ব্যক্তি, সমাজ ও দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। পরে সমবায় কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সমবায়ীদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিল্টন, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, জেলা সমবায় কর্মকর্তা এনামুল হক, বিএনপি নেতা হাফিজুর রহমান হাফি, ইউসিসির সভাপতি শামসুল আলম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আমিনুল ইসলাম, চাঁদবিল সমবায় সমিতির সভাপতি গুরুদাস হালদার, মাজেদ আলীসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।


ঝিনাইদহ:
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে ঝিনাইদহে র‌্যালি, আলোচনা সভা ও দিনব্যাপী সমবায় মেলার আয়োজন করা হয়। রোববার সকালে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী সমবায় মেলার উদ্বোধন করা হয়।
র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক নোমান হোসেন। এ সময় বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা তানভীর আহমেদ, সমবায় ব্যাংকের সভাপতি জাহিদুজ্জামান মনা, অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন এবং সদর উপজেলা সমবায় কর্মকর্তা শামীমা নাসরিনসহ অন্যান্য অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সমবায় আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আন্দোলনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে সমবায় সমিতিগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। বক্তারা আরও বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। তাই সমবায় কার্যক্রমকে আরও জনমুখী ও কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)