চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক লুৎফুন নাহার

কিশোরদের বেপরোয়া মোটরসাইকেল চালানো বন্ধের নির্দেশ

আপলোড তারিখঃ 2026-11-09 ইং
চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক লুৎফুন নাহার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা, বাল্যবিবাহ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে ও নানা উদ্যোগ বাস্তবায়নে জেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মহাসড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার, শীত মৌসুমে গরু চুরি প্রতিরোধ, কিশোরদের বেপরোয়া মোটরসাইকেল চালানো বন্ধ এবং সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে অবস্থান নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।


গতকাল রোববার বেলা ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অপরাধ প্রতিরোধে বিভিন্ন সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়।


সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে চুয়াডাঙ্গা জেলায় মোট ৯৯টি অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ডাকাতি বা দস্যুতার একটি, খুনের চারটি, প্রাণহানি বা অপমৃত্যুর ২৪টি, নারী ও শিশু নির্যাতনের সাতটি, চুরির চারটি, অস্ত্র আইনে একটি, মানব পাচারের একটি এবং অন্যান্য অপরাধের ৫৭টি ঘটনা রয়েছে।


সভায় জানানো হয়, অক্টোবর মাসে একটি বাল্যবিবাহ প্রতিরোধ করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিচালিত ২৮টি ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩৭টি মামলায় এক লাখ ৬২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আটটি অভিযানে ১২টি প্রতিষ্ঠানকে দুই লাখ ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যান্য অপরাধে ৭৫টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৯৩টি মামলায় পাঁচ লাখ ৩৩ হাজার ১০০ টাকা জরিমানা এবং ৩৭ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


সড়ক নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থাপনায় ম্যাজিস্ট্রেটদের ১১টি অভিযানে ৫০টি মামলায় ৪৩ হাজার ১০০ টাকা এবং পুলিশ বিভাগের ৩৪৩টি মামলায় ১৯ লাখ ৪২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ১৩টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৬টি মামলায় তিন হাজার ৬৫০ টাকা জরিমানা এবং ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


এসময় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, মহাসড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করতে হবে। এসব ঝোপঝাড়ের আড়ালে চোর, ডাকাত ও ছিনতাইকারীরা লুকিয়ে থেকে অপরাধ সংঘটিত করে। সড়কের দুই পাশ পরিষ্কার রাখা গেলে এ ধরনের অপরাধ অনেকটাই কমে আসবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বিশেষভাবে নজর দিতে হবে।


শীত মৌসুমে গরু চুরির প্রবণতা বেড়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সুরক্ষিত গোয়ালঘর থেকেও গরু চুরির ঘটনা ঘটছে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সতর্ক থাকতে হবে। পাশাপাশি কমিউনিটি পুলিশের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতে হবে।


কিশোরদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, হেলমেট ছাড়া চলাচল এবং একটি মোটরসাইকেলে তিনজন ওঠার প্রবণতা বন্ধের নির্দেশ দিয়ে জেলা প্রশাসক বলেন, কিশোর, তরুণ ও যুবকদের বেপরোয়া চলাচল দ্রুত নিয়ন্ত্রণ করতে হবে। এসব কারণে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং তারাই বেশি সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে।


তিনি আরও বলেন, মাগরিবের আজানের পর স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতে অযথা বাড়ির বাইরে অবস্থান না করে, সে বিষয়ে নজরদারি বাড়াতে হবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, পুলিশ ও অভিভাবকদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।


পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, সম্প্রতি শিক্ষার্থীদের নিয়ে ঘটে যাওয়া একটি ঘটনায় সব দায় পুলিশের ওপর এসে পড়েছে। অথচ যাঁদের দায়িত্ব পালনের কথা, তাঁদের অনেকেই এগিয়ে আসেননি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।


তিনি আরও বলেন, ট্র্যাফিক আইন বাস্তবায়নে প্রতিদিন চেকপোস্ট বসানো হচ্ছে। এতে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। গত মাসের ১৫ তারিখ থেকে গতকাল পর্যন্ত ট্র্যাফিক আইনে জরিমানা বাবদ প্রায় ১৭ লাখ ৬০ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে। পুরো জেলায় এ কার্যক্রম অব্যাহত থাকবে। জেলা পুলিশ ও ট্র্যাফিক পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। এতে অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোর প্রবণতা কমছে, অভিভাবকেরাও সচেতন হচ্ছেন এবং সড়ক দুর্ঘটনার হারও কমেছে।


কিশোর গ্যাং ও শিশু-কিশোরদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, এসব বিষয় শুধু পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বাইরে থেকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও সমাজের সচেতন ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে। সবাই একসঙ্গে কাজ করলে চুয়াডাঙ্গাকে নিরাপদ জেলায় পরিণত করা সম্ভব।


সভায় মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়। বিশেষ করে সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে বিজিবি ও পুলিশের গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. তারিক-উজ-জামানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তার, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া সুলতানা এ্যানি, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মণ্ডল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ বিভিন্ন সরকারি দপ্তর ও প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও সাংবাদিকেরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)