ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার সুবুলপুর গ্রামে ঐতিহ্যবাহী ডিঙি নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ প্রতিযোগিতায় ১২টি দল অংশ নেয়। নৌকাবাইচ দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে নদীর পাড়ে ভিড় করেন নানা বয়সী দর্শনার্থী। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গতকাল বুধবার সকাল ১০টার দিকে সুবুলপুর স্লুইচগেট সেতুর সামনে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। সকাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতা চলে দিনভর। বিকেল ৫টার দিকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুবুলপুর গ্রামে দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী এ ডিঙি নৌকাবাইচের আয়োজন করা হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবারও উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রথম স্থান অধিকার করে দৌলতের দল, দ্বিতীয় হয় জাহাঙ্গীর আলমের দল এবং তৃতীয় স্থান অর্জন করে লাল্টুর দল।
জিয়া মঞ্চের কার্পাসডাঙ্গা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসার আলী এবং কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুম্মান খান।
এছাড়া উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম, মনোয়ার হোসেন মিণ্টু, আব্দুর রশিদ, নূর আলম মাস্টার, আব্দুল মোমিন মাস্টার, আনোয়ার হোসেন মিল্টন ও মশিউর রহমান মাস্টার। আবু বক্কর মাস্টার প্রতিযোগিতাটি পরিচালনা করেন।
