গার্মেন্টস খাতে নৈরাজ্যে জামায়াত আমিরের দায় এড়ানোর সুযোগ নেই: রাশেদ খান

আপলোড তারিখঃ 2026-11-04 ইং
গার্মেন্টস খাতে নৈরাজ্যে জামায়াত আমিরের দায় এড়ানোর সুযোগ নেই: রাশেদ খান ছবির ক্যাপশন:

তৈরি পোশাক খাতের শ্রমিক আন্দোলনকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের যে সহিংস অপতৎপরতা চলছে, তার দায় জামায়াতের আমির কোনোভাবেই এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য প্রতিবাদের সঙ্গে আমাদের পূর্ণ সংহতি রয়েছে। তবে এই আন্দোলনকে উসকে দিয়ে যে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে, তাতে ইন্ধন রয়েছে। যে দাবিগুলো নিয়ে লংমার্চের ডাক দেওয়া হয়েছে, সরকার ইতিমধ্যেই তা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া শুরু করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ নলডাঙ্গা ভুষন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক ইসরাইল হোসেনের জানাজা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


জামায়াত আমিরের কঠোর সমালোচনা করে রাশেদ খান বলেন, "১১ দলের লংমার্চের মঞ্চ থেকে জামায়াত আমির হুঁশিয়ারি দিয়েছিলেনÑদাবি আদায় না হলে সবকিছু তছনছ করে দেওয়া হবে। ঠিক তাঁর এই বক্তব্যের পর থেকেই পোশাক খাতের অসন্তোষকে পুঁজি করে মাঠে নেমেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিতেই তৈরি পোশাক শিল্পে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হচ্ছে।"


‘আমার দেশ’ পত্রিকা ছেড়ার ঘটনা প্রসঙ্গে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, "একসময় ‘আমার দেশ’ গণমানুষের পত্রিকা ছিল। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই একটি বিশেষ দলকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে তারা নানামুখী বয়ান বা ন্যারেটিভ তৈরি করা শুরু করে। পত্রিকাটি এখন কার্যত জামায়াতের মুখপত্রে রূপ নিয়েছে এবং সাধারণ মানুষ এটিকে অপপ্রচারের আস্তানা বা প্রোপাগান্ডা হাউস হিসেবে চিহ্নিত করছে।"


ভারতের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, "জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ভারতীয় এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেনÑএই তথ্য আমি প্রমাণসহ সামনে এনেছি। আমার উপস্থাপিত তথ্য ভুল প্রমাণ করতে পারলে তিনি মানহানির মামলা করতে পারেন, সেই চ্যালেঞ্জও দেওয়া আছে। আমি আসলে একটি অসত্য ও মিথ্যা বয়ানকে ছিঁড়ে ফেলেছি এবং আমার ওপর চাপানো ‘আওয়ামী ট্যাগিং’কে দুমড়ে-মুচড়ে দিয়েছি।"
দেশের বর্তমান গ্যাস সংকট ও মূল্যবৃদ্ধি প্রসঙ্গে বিএনপি নেতা রাশেদ খান বলেন, "জ্বালানি খাতে সংকট তীব্র। সরকার বিকল্প উপায়ে সমাধান খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু বিগত সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নতুন কোনো গ্যাসকূপ সন্ধান করা হয়নি। তাছাড়া বাজার সিন্ডিকেটও সরকারকে বিপদে ফেলার অপচেষ্টায় লিপ্ত। সংকট কাটলে গ্যাসের দাম সমন্বয় করবে সরকার।" তিনি যোগ করেন, ১৯৭১ ও ২০২৪-এর পরাজিত দুই অপশক্তি বর্তমান সরকারকে ব্যর্থ করতে একজোট হয়ে ষড়যন্ত্র করছে, যা মোকাবিলা করেই দেশকে এগিয়ে নিতে হচ্ছে।


জানাজায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আবু তালিব, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি এবং কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)