চুয়াডাঙ্গায় স্কাউটসের দশম জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

অংশ নিচ্ছে ৪৭ বিদ্যালয়ের ২৮২ জন শিক্ষার্থী

আপলোড তারিখঃ 2026-11-04 ইং
চুয়াডাঙ্গায় স্কাউটসের দশম জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন ছবির ক্যাপশন:

‘ছোট হাতে সবুজ দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ২ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত চুয়াডাঙ্গায় শুরু হয়েছে ১০ম জেলা কাব ক্যাম্পুরি-২০২৬।  এতে জেলার চারটি উপজেলা থেকে ৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৮২ জন কাব স্কাউট সদস্যরা অংশ নিয়েছে। এতে ১৩টি মেয়ে দল এবং ৩৪টি ছেলে দল অংশ নিচ্ছে। তাদের সাথে রয়েছেন একজন করে প্রতিষ্ঠানের শিক্ষক।  ক্যাম্পুরিতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি, সৃজনশীলতা, দলগত কাজ এবং ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে ১১টি শিক্ষামূলক চ্যালেঞ্জের আয়োজন করা হয়েছে।


গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় বাংলাদেশ স্কাউটস, চুয়াডাঙ্গা জেলার আয়োজনে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা-দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পুরির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডেপুটি ক্যাম্প চিফ ( প্রশাসন) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও স্কাউট পতাকা উত্তোলন করা হয়। পরে কাব ক্যাম্পুরির থিম সংয়ের সঙ্গে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ তৈরি করে।


বাংলাদেশ স্কাউটস, চুয়াডাঙ্গা জেলার কমিশনার আব্দুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মণ্ডল এবং সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হিমেল রানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস, চুয়াডাঙ্গা জেলার সম্পাদক বেলাল হোসেন।


এসময় উপস্থিত ছিলেন প্রবীণ স্কাউটার বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউল্লাহ সিদ্দিক, জেলার বিভিন্ন উপজেলা স্কাউটসের সম্পাদক ও কমিশনার এবং বিভিন্ন পর্যায়ের স্কাউট লিডাররা। অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কাব লিডার আলী মোহাম্মদ যুবায়ের।


উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, ক্যাম্পুরিতে অংশ নেওয়া শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ জন্য এই কয়দিন বিদ্যালয় প্রাঙ্গণে কোনো বহিরাগত ব্যক্তির প্রবেশ ও মোটরসাইকেল চলাচল করতে দেওয়া হবে না। ক্যাম্পুরিতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ অনুমতি ছাড়া প্রবেশ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


তিনি আরও বলেন, বিদ্যালয়টি একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে বিদ্যালয়ের কার্যক্রমের পাশাপাশি ইউনিয়ন পরিষদের কার্যক্রমও পরিচালিত হয়। তাই এটি কোনো আড্ডা দেওয়ার জায়গা নয়। ক্যাম্পুরিতে অংশ নেওয়া শিশুদের নিরাপত্তার স্বার্থে পুরো প্রাঙ্গণ নিয়ন্ত্রিত রাখতে হবে। স্বেচ্ছাসেবকদেরও এ বিষয়ে সতর্ক থাকতে হবে।


খালিদ হোসেন সিদ্দিকী আরও বলেন, আগামী কয়েকদিন বিদ্যালয় মাঠের ভেতর দিয়ে কোনো মোটরসাইকেল চলাচল করতে পারবে না। কেউ মোটরসাইকেল নিয়ে প্রবেশ করলে তা আটকে রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। তবে কেউ ভুলবশত প্রবেশ করলে কিংবা ছোট শিশুরা খেলতে এলে পরিস্থিতি বিবেচনায় মানবিকভাবে ব্যবস্থা নিতে হবে।


রাতের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের টহল জোরদার করার নির্দেশনা দেন। পাশাপাশি রাতে একজন তহশিলদার অথবা চৌকিদারকে দায়িত্ব পালনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদেরও শিশুদের নিরাপত্তায় সহযোগিতার আহ্বান জানান তিনি।


শিক্ষার্থীদের ক্যাম্পুরিতে অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষকদের, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পরিশ্রমের প্রশংসা করে প্রধান অতিথি বলেন, শিশুদের নিরাপদে ক্যাম্পুরিতে নিয়ে আসা এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ জন্য তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


তিন দিনব্যাপী এ ক্যাম্পুরিতে অংশ নেওয়া কাব স্কাউট সদস্যদের জন্য রাখা হয়েছে ১১টি শিক্ষামূলক ও আনন্দমুখর চ্যালেঞ্জ। খেলাধুলা, শরীরচর্চা, সাধারণ জ্ঞান, সাংস্কৃতিক কর্মকাণ্ড, অভিযান, সৃজনশীলতা ও ব্যবহারিক দক্ষতার সমন্বয়ে সাজানো হয়েছে প্রতিটি চ্যালেঞ্জ।


চ্যালেঞ্জগুলো হলো- ভোরের পাখি (শরীরচর্চা): প্রতিদিন সকালে শরীরচর্চার মাধ্যমে শিশুদের সুস্থ থাকার অভ্যাস গড়ে তোলা হবে সাব-ক্যাম্পভিত্তিক দলীয় শরীরচর্চায় অংশ নেবে কাব সদস্যরা।


তাবু কলা: নিজ নিজ তাবু ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন, পরিপাটি ও সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখবে শিক্ষার্থীরা। প্রতিদিন সকালে শরীরচর্চার পর নির্ধারিত স্কাউট পোশাকে তাবুর সামনে অবস্থান করবে তারা। পরিদর্শনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ইউনিটকে দেওয়া হবে গৌরব পতাকা।


জানা-অজানা (সাধারণ জ্ঞান): স্কাউটিংয়ের মৌলিক বিষয় ও সাধারণ জ্ঞানভিত্তিক প্রতিযোগিতায় দলীয়ভাবে অংশ নেবে কাব সদস্যরা। এ চ্যালেঞ্জে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ইউনিটকে পুরস্কৃত করা হবে।
মজার খেলা: দেশীয় ও ঐতিহ্যবাহী খেলাধুলার সঙ্গে শিশুদের পরিচিত করানো হবে। এ পর্বে গোল্লাছুট, কানামাছি, সাতচাড়া ও মৌখিক সংবাদ প্রেরণের মতো খেলায় অংশ নেবে তারা।


অজানার উদ্দেশ্যে যাত্রা (কাব অভিযান): নির্ধারিত ট্রেইল বা পথ অনুসরণ করে অভিযানে অংশ নেবে কাব সদস্যরা। এর মাধ্যমে তাদের পর্যবেক্ষণ, অনুসন্ধান ও দলগতভাবে পথ চলার দক্ষতা বাড়বে।


আমিও পারি: বিভিন্ন স্টেশনে ভাগ হয়ে দড়ির কাজ, প্রাথমিক প্রতিবিধান, গ্র্যান্ড ইয়েল, জাতীয় সংগীত, নৃত্য, কাব স্কাউট প্রতিজ্ঞা ও আইনসংক্রান্ত বিষয়ে নিজেদের পারদর্শিতা তুলে ধরবে শিক্ষার্থীরা।


কাব কার্নিভাল: খেলাধুলা ও আনন্দের মধ্যদিয়ে নানা বিষয়ে শেখার সুযোগ পাবে শিশুরা। এ পর্বে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে ধারণা, লক্ষ্যভেদ, বালতিতে বল নিক্ষেপ, ঘোড়দৌড়, ভারসাম্য রক্ষা এবং বধূর কপালে টিপ পরানোর মতো মজার আয়োজন থাকবে।


ক্যাম্পফায়ার: দিনভর কর্মকাণ্ডের ক্লান্তি দূর করতে সন্ধ্যায় আয়োজন করা হবে সাংস্কৃতিক পর্ব। এতে দলীয়ভাবে নৃত্য, গান, কৌতুক ও নাটিকা পরিবেশন করবে কাব সদস্যরা। এ পর্বেও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ইউনিটকে পুরস্কার দেওয়া হবে।


মজা করি: বিভিন্ন আনন্দদায়ক খেলার মাধ্যমে শিশুদের বিনোদনের ব্যবস্থা করা হবে। এর মধ্যে বৃত্তের ভেতরে দাঁড়িয়ে বেলুন রক্ষা করার প্রতিযোগিতা অন্যতম। এ খেলায় বালক ও বালিকাদের জন্য আলাদা বৃত্ত থাকবে। এছাড়া বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, সমকোণ, মহাবৃত্ত, শিলাবৃত্ত ও সভা শিলা গঠনের মতো কার্যক্রমও থাকবে।


বন্ধু খুঁজি: নতুন বন্ধু তৈরি ও পারস্পরিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এ চ্যালেঞ্জের আয়োজন করা হয়েছে। নামের প্রথম অক্ষরের মিল অনুযায়ী বন্ধু ষষ্টক গঠন করবে কাব সদস্যরা। বন্ধুদের নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করে সাব-ক্যাম্প চিফের স্বাক্ষরসহ সংরক্ষণ করবে তারা।


আমার দক্ষতা: এ চ্যালেঞ্জে ইউনিটভিত্তিক নিজেদের সৃজনশীলতা ও সাংগঠনিক দক্ষতা তুলে ধরবে শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে প্রাকৃতিক দৃশ্য আঁকা এবং নির্ধারিত মাপ ও রঙ অনুসরণ করে ইউনিট পতাকা তৈরির মতো কাজ থাকবে।
আয়োজকেরা জানান, এসব চ্যালেঞ্জের মধ্যদিয়ে শিশুদের শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণ নয়, বরং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে তাদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা, আত্মবিশ্বাস ও দেশপ্রেমের চর্চা গড়ে উঠবে।


এ আয়োজন উপলক্ষে আজ ৪ নভেম্বর বিশেষ আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হবে ‘মহা তাবু জলসা’। এতে কাব সদস্যদের অংশগ্রহণে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)