ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার শিবনগর ডিসি ইকোপার্কের গাছ নিলামে বিক্রির উদ্যোগ নিয়েও সরকারি নির্ধারিত মূল্য না পাওয়ায় তা স্থগিত করেছে উপজেলা প্রশাসন। নিলামে অংশ নেওয়া কাঠ ব্যবসায়ীদের সর্বোচ্চ দর ছিল ১ লাখ ২০ হাজার টাকা। যা সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে কম হওয়ায় গাছ বিক্রি করা হয়নি।
গতকাল সোমবার বিকেল ৪টার দিকে ডিসি ইকোপার্কের ভেতরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেনের উপস্থিতিতে এ নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে অংশ নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছিল। নির্ধারিত সময়ে বিভিন্ন এলাকা থেকে কাঠ ব্যবসায়ীরা সেখানে উপস্থিত হয়ে গাছের দর হাঁকেন।
জানা যায়, কয়েক মাস আগে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিবনগর গ্রামে অবস্থিত ডিসি ইকোপার্কের ২৯টি গাছ ২ লাখ ৭০ হাজার টাকায় নিলামে বিক্রি করেছিল উপজেলা প্রশাসন। তবে গাছ কাটার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে ওই নিলামের ক্রেতা কাঠ ব্যবসায়ীর জামানত বাজেয়াপ্ত করা হয়।
এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে পুনরায় নিলামের মাধ্যমে গাছ বিক্রির জন্য মাইকিং করা হয়। নির্ধারিত সময়ে বিভিন্ন এলাকার কাঠ ব্যবসায়ীরা নিলামে অংশ নেন। তবে সর্বোচ্চ দর ১ লাখ ২০ হাজার টাকা ওঠায় সরকারি নির্ধারিত মূল্য পাওয়া যায়নি। এ কারণে সাময়িকভাবে নিলাম স্থগিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম, বিভিন্ন এলাকা থেকে আসা কাঠ ব্যবসায়ী, উপজেলা প্রশাসনের নাজির, আনসার সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন বলেন, ডিসি ইকোপার্কের গাছ নিলামে কেনার জন্য অনেকেই অংশগ্রহণ করেন। তবে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে কম দর ওঠায় সাময়িকভাবে নিলাম স্থগিত করা হয়েছে।
