ছবির ক্যাপশন:
পিরোজপুরে মরহুম বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ও রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) প্রদানে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ তুলে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন তাঁরা। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট কমান্ডের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবেছ উদ্দীন। তিনি বলেন, পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী মৃত্যুবরণ করলে তাঁর দাফনকার্য সম্পন্ন করার জন্য স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বাধা প্রদান করেন। তাঁর গার্ড অব অনার প্রদানের ক্ষেত্রেও বাধা দেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। আর যাঁরা তাঁর জানাজা ও গার্ড অব অনারে বাধা দিয়েছেন, তাঁরা স্বাধীনতাযুদ্ধ ও মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন।
একজন মৃত ব্যক্তির মৌলিক অধিকার হলো দাফন সম্পন্ন করা। কিন্তু জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ মানবতা লঙ্ঘন করে তাঁর মৌলিক অধিকারে বাধা প্রদান করেছেন। তাই আমরা আজ চুয়াডাঙ্গার সব মুক্তিযোদ্ধা এই মানববন্ধন করছি। জেলা ইউনিট কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা চান্দ আলী বলেন, ‘আজ আমরা মুক্তিযোদ্ধারা প্রায় শেষের পথে। আর মাত্র গুটিকয়েকজন আমরা বেঁচে আছি। এই শেষ সময়েও যদি আমাদের এই অসম্মান ও অবহেলার শিকার হতে হয়, তবে এই দেশ স্বাধীন করে আমরা কী পেলাম?’
তিনি বলেন, ‘আজ জামায়াত কর্তৃক লাঞ্ছিত মুক্তিযোদ্ধার জন্য আমরা এই মানববন্ধনে দাঁড়িয়েছি। জামায়াতে ইসলামী ধর্মের নামে গোলামি করে দাফন কার্য সম্পন্ন করতে দেবে না, এটা কোন ইসলাম? এটা কোন ধর্ম? কেউ যদি দোষী হয়, তাকে শাস্তি আইন দেবে।’ তিনি আরও বলেন, ‘যদি এই কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার না হয়, তবে আমরা ৬৪ জেলার মুক্তিযোদ্ধারা এক হয়ে পিরোজপুর যাবো এবং সেখানে গিয়ে ওই জেলার পরিস্থিতি দেখবো। আমরা মুক্তিযোদ্ধারা মৃত্যুর পর যেন সসম্মানে বিদায় নিতে পারি, এবং পিরোজপুরের ঘটনায় আমরা চুয়াডাঙ্গা জেলার মুক্তিযোদ্ধারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, সদস্যসচিব আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা জিন্নাত আলী, গিয়াস উদ্দিন মাস্টার এবং দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তানজির আহমেদসহ জেলার বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধারা।
