ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে রাসায়নিক ব্যবহার করে কদবেল পাকানোর দায়ে এক ফল ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় রাসায়নিক মেশানো ২ বস্তা কদবেল জনসম্মুখে ধ্বংস করা হয়। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বড় বাজার এলাকার ফল ও মাংসের বাজারসহ বিভিন্ন দোকান তদারকি করা হয়।
অভিযানকালে মাথাভাঙ্গা সেতুসংলগ্ন ফলপট্টির টুকু ফল ভান্ডারে রাসায়নিক ব্যবহার করে কদবেল পাকানোর প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো. টুকু মিয়াকে প্রশাসনিক ব্যবস্থায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকানটিতে থাকা রাসায়নিক মেশানো ২৩ বস্তা কদবেল জনসম্মুখে ধ্বংস করা হয়।
এছাড়া ফল ব্যবসায়ীদের ফল পাকাতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। বাজারের মাংস ব্যবসায়ীদের সঠিক ওজনে মাংস বিক্রি এবং পরিচ্ছন্ন পরিবেশে মাংস প্রক্রিয়াকরণের বিষয়েও সতর্ক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় সার্বিক সহযোগিতা করেন সদর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. শাহিনুজ্জামান, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান এবং সদর থানা পুলিশের একটি দল। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
