ছবির ক্যাপশন:
দামুড়হুদায় অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪০টি চায়না দুয়ারি (ম্যাজিক) জাল পুড়িয়ে নষ্ট করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মাথাভাঙ্গা নদীর মাছ ধরার জন্য আড়াআড়িভাবে দেওয়া একটি অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে। গতকাল রোববার উপজেলার হেমায়েতপুর এলাকায় ভৈরব নদে এই অভিযান চালানো হয়।
এছাড়া বেলা একটার দিকে উপজেলার সুবুলপুর গ্রামে মাথাভাঙা নদীতে আড়াআড়িভাবে বাঁধ দিয়ে মাছ শিকারের খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন। সেখানে বাঁধ দেওয়ার সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি। এসময় মাছ শিকারের কাজে ব্যবহৃত বাঁশ, চাটাই ও পলিথিন কেটে পানিতে ভাসিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি। অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য অফিসার ফারুক মহলদার, দামুড়হুদা মডেল থানা-পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন বলেন, মৎস্য সংরক্ষণ আইনে নদী ও উন্মুক্ত জলাশয়ে এভাবে বাঁধ দিয়ে মাছ ধরা সম্পূর্ণ বেআইনি। ভৈরব নদে কিছু অসাধু ব্যক্তি চায়না ম্যাজিক জাল দিয়ে মাছ ধরছিলেন। এ পরিপ্রেক্ষিতে উপজেলা মৎস্য কর্মকর্তাকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে জালগুলো অপসারণ ও পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ কর্মকাণ্ডের সঙ্গে কাউকে জড়িত পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
