চুয়াডাঙ্গায় প্রাথমিক শিক্ষকদের পে ফিক্সেশনের নামে অর্থ আদায়ের অভিযোগ

শিক্ষকপ্রতি ১০০-৩০০ টাকা যাচ্ছে কার পকেটে?

আপলোড তারিখঃ 2026-11-02 ইং
চুয়াডাঙ্গায় প্রাথমিক শিক্ষকদের পে ফিক্সেশনের নামে অর্থ আদায়ের অভিযোগ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নতুন বেতন নির্ধারণ বা পে ফিক্সেশনের নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। হিসাবরক্ষণ অফিসের কাজ ও ডাটা এন্ট্রির খরচের কথা বলে শিক্ষকপ্রতি ১০০ থেকে ৩০০ টাকা করে আদায়ের জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন একাধিক শিক্ষক।


নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, উপজেলার ক্লাস্টারের দায়িত্বে থাকা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তারা ফোন করে অর্থ দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ডেকে এনে তাদের মাধ্যমে টাকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। সংগৃহীত অর্থ নির্দিষ্ট কয়েকজন শিক্ষক নেতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে দাবি তাঁদের।


শিক্ষকদের ভাষ্য, নতুন বেতন নির্ধারণ বা পে ফিক্সেশনের জন্য অর্থ দেওয়ার প্রয়োজন নেই। অনেক শিক্ষক নিজেরাই এ কাজ সম্পন্ন করেছেন। এরপরও হিসাবরক্ষণ অফিস ও ডাটা এন্ট্রির খরচের কথা বলে অর্থ দাবি করায় তাঁদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। শিক্ষকদের দাবি, পে ফিক্সেশনের নামে অর্থ সংগ্রহের বিষয়ে কোনো সরকারি নির্দেশনা রয়েছে কি না, তা স্পষ্ট করা প্রয়োজন। পাশাপাশি শিক্ষকপ্রতি ১০০ থেকে ৩০০ টাকা আদায়ের নির্দেশ কে দিয়েছেন, সংগৃহীত অর্থ কোথায় যাচ্ছে এবং এর সঙ্গে কোনো কর্মকর্তা জড়িত কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করে দেখা উচিত।


এসব বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লায়লা তাসলিমা নাসরিন বলেন, ‘পে-ফিক্সেশনের কাজ শিক্ষকদের নিজেদেরই করার কথা। কয়েকজন শিক্ষক একসঙ্গে বসে নিজেরাই এ কাজ করছেন। কাজ শেষে প্রয়োজনীয় ফাইল তৈরি করে বিদ্যালয়ের মাধ্যমে আমার দপ্তরে জমা দেওয়া হচ্ছে। এর বাইরে এ বিষয়ে আমার জানা নেই। পে-ফিক্সেশনের জন্য টাকা নেওয়া হচ্ছে কি না, তাও আমার জানা নেই। আমার দপ্তর থেকে এ ধরনের কাজের জন্য কোনো টাকা নেওয়া হয় না। তাই এ বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারছি না।’


এসব বিষয়ে জানতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমারের মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)