লংমার্চের নামে ১১ দলের গাড়িমার্চ চলছে

চুয়াডাঙ্গায় মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী

আপলোড তারিখঃ 2026-11-01 ইং
লংমার্চের নামে ১১ দলের গাড়িমার্চ চলছে ছবির ক্যাপশন:

লংমার্চের নামে ১১ দলীয় ঐক্য জোট গাড়িমার্চ করছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও সাংস্কৃতিক কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।


সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, লংমার্চের ইতিহাস হচ্ছে- লংমার্চ পায়ে হেঁটে করতে হয়। কিন্তু তারা যেটা করছে সেটাকে গাড়ি মার্চ বলে। এই গাড়ি মার্চের মাধ্যমেই তারা তাদের কথা বলবে, মানুষ শুনবে। এগুলো নিয়ে আমাদের মন্তব্য নেই। এটি তাদের ব্যাপার। আমরা চাই একটা দেশে যাদের রাজনীতি করার অধিকার আছে, তারা রাজনীতি করুক।


চুয়াডাঙ্গার আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমাকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করার অর্থ হলো ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে দেওয়া’। এখানকার গণমাধ্যমকর্মীরাই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ভালো জানেন। জেলার আইনশৃঙ্খলার সব দিক অনুসন্ধান করে তুলে ধরাই সাংবাদিকদের দায়িত্ব। আমি এখানে মাত্র একদিন এসেছি। আমাকে যেটা দেখানো হবে, আমি সেটাই বুঝব। তবে এর বাইরেও যদি কিছু থাকে, তাহলে আমাকে জানালে আমি এ বিষয়ে ব্যবস্থা নেব।


তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলায় মাদক, অনলাইন জুয়া, চোরাচালান, বাল্যবিবাহসহ নানা বিষয়ে আজআলোচনা হয়েছে। এ জেলায় আত্মহত্যার প্রবণতাও বেশি। বিশেষ করে আবহাওয়া ও সামাজিক বিষয়গুলো এর জন্য দায়ী। মন্ত্রী আরও বলেন, চুয়াডাঙ্গাকে নিয়ে বিশেষভাবে কাজ করতে হবে। চুয়াডাঙ্গা সবার, চুয়াডাঙ্গা এখন আমারও।


নজরুল চর্চা ও তৃণমূল থেকে শিল্পী খুঁজে আনা প্রসঙ্গে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী বলেন, আমরা তৃণমূল থেকে শিল্পী খুঁজে আনছি। প্রতিটি এলাকা, স্কুল, মাদ্রাসা, উপজেলা, জেলা, বিভাগ থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে নাটক, অভিনয়, কবিতা আবৃত্তি, গান, নাচ, অঙ্কনসহ নানা বিষয় রয়েছে। আর এগুলো সবই নজরুলকে কেন্দ্র করে। আপনাদের চুয়াডাঙ্গাতেও নজরুল বর্ষ উপলক্ষে অনেকবার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়েছে।


মতবিনিময় সভায় জেলার মাদক, চোরাচালান, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রবণতা রোধ করার পদ্ধতি নিয়ে আলোচনা করেন বর্তমান আইনশৃঙ্খলা প্রসঙ্গে নিতাই রায় চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান প্রমুখ। পরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সপ্তাহব্যাপী নজরুল উৎসবের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)