ছবির ক্যাপশন:
জীবননগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহফুজুর রহমানসহ দুজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় দুজনেরই বাম পা মারাত্মকভাবে জখম হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত মাহফুজুর রহমান মিনাজপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। অপর আহত তন্ময় বাঁকা গ্রামের শাহিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহফুজুর রহমান মোটরসাইকেলযোগে মিনাজপুরের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা তন্ময়ের মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহীই গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের দুজনেরই বাম পা মারাত্মকভাবে জখম হওয়ার বিষয়টি জানান।
এ বিষয়ে জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। মোটরসাইকেল দুর্ঘটনায় মাহফুজুর রহমানের বাম পা ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
