ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কিট পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ প্যারেড অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশ নেন। প্যারেডে অভিবাদন মঞ্চ থেকে সালাম গ্রহণের পর পুলিশ সদস্যদের কিট সামগ্রী পরিদর্শন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।
পরিদর্শন শেষে কিট সামগ্রীর অবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি প্রাপ্যতা ও অগ্রাধিকার অনুযায়ী বিভাগীয় পোশাক ভাণ্ডার থেকে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের জন্য সংশ্লিষ্ট ইনচার্জকে নির্দেশনা দেন। এছাড়া কিট সামগ্রীসংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরকারি নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেন পুলিশ সুপার।
পরে উপস্থিত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। এসময় শৃঙ্খলা বজায় রাখা, ড্রেস রুলস অনুযায়ী পূর্ণাঙ্গ পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনসাধারণের সঙ্গে সদাচরণ ও পেশাদারত্ব বজায় রাখার নির্দেশনা দেন। প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
