দামুড়হুদায় পুলিশের ওপর হামলার মামলায় জয়নগরের মারুফ গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-10-24 ইং
দামুড়হুদায় পুলিশের ওপর হামলার মামলায় জয়নগরের মারুফ গ্রেপ্তার ছবির ক্যাপশন:

দামুড়হুদায় সরকারি কাজে বাধা, পুলিশ সদস্যকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মারুফ হোসেন (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে দর্শনা থানার উজলপুর গ্রামের শাহাবুলের বাড়ির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি দর্শনা পৌর এলাকার জয়নগর গ্রামের আব্দুস সামাদের ছেলে।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোহাম্মদ নুরুল্লাহ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের (সিসিআইসি) কর্মকর্তা ও সদস্য এবং মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুল হক যৌথ অভিযান চালিয়ে মারুফকে গ্রেপ্তার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে দামুড়হুদা মডেল থানার এসআই শামসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সিসি নম্বর-১১৭৪ ও সাধারণ ডায়েরি (জিডি) নম্বর-৭৮১-এর ভিত্তিতে কিলো-২১ নৈশ টহল ডিউটিতে বের হন। রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের ফায়ার সার্ভিসের উত্তর পাশে ছোট পোল নামক স্থানে দামুড়হুদা-দর্শনা সড়কের ওপর দায়িত্ব পালনকালে লোকনাথপুর থেকে দর্শনাগামী একটি মোটরসাইকেলকে বেপরোয়া গতিতে আসতে দেখে থামার সংকেত দেন তাঁরা।

অভিযোগ রয়েছে, মোটরসাইকেল আরোহী পুলিশের সংকেত অমান্য করে পালানোর উদ্দেশ্যে দায়িত্ব পালনরত কনস্টেবল আলমগীর হোসেনকে (কং/৮১৯) সজোরে ধাক্কা দেন। এতে কনস্টেবল আলমগীরের মাথা, চোখ, পিঠ ও পায়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে মোটরসাইকেল আরোহী তাঁর লাল-কালো রঙের হিরো গ্ল্যামার ১২৫ সিসির মোটরসাইকেলটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান।

এদিকে আহত কনস্টেবলকে তাৎক্ষণিক উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফেলে যাওয়া মোটরসাইকেলটি শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে বিধি অনুযায়ী জব্দ করা হয়।

এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় গত শুক্রবার মামলা করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৮৬, ৩৩২, ৩৩৩, ৩৫৩ ও ৩০৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ আরও জানায়, আটক মারুফের বিরুদ্ধে দর্শনা ও কোটচাঁদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বিশেষ ক্ষমতা আইনে মোট নয়টি মামলা রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)