দর্শনায় বিরোধপূর্ণ জমিতে টিনের চালা, হুমকির অভিযোগ

আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানাল পুলিশ

আপলোড তারিখঃ 2026-10-24 ইং
দর্শনায় বিরোধপূর্ণ জমিতে টিনের চালা, হুমকির অভিযোগ ছবির ক্যাপশন:

দর্শনা পৌর এলাকার মুজিবনগর সড়কে দর্শনা প্রেসক্লাবের বিপরীতে একটি বিরোধপূর্ণ জমিতে টিনের চালা নির্মাণ, জমি ছেড়ে দিতে চাপ ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ফোন করা হলে ইমরান হোসাইন নামের এক ব্যক্তি সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত কথোপকথনে জড়ান বলেও অভিযোগ পাওয়া গেছে।


লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দর্শনা পৌর এলাকার ওই স্থানে ৬ দশমিক ৩০ শতক জমি নিয়ে নাহিদ কবীর মনুর সঙ্গে নাসির উদ্দিন ও তাঁর ছেলেদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। নাহিদ কবীর মনুর দাবি, জমিটি তাঁর নামে নামজারি করা। সেখানে দীর্ঘদিন ধরে ভাড়ায় একটি বৈদ্যুতিক সামগ্রীর দোকান ও একটি চায়ের দোকান পরিচালিত হয়ে আসছে।


অভিযোগ অনুযায়ী, গত ২৪ মার্চ জমিটিতে টিন ও বাঁশ দিয়ে ঘর নির্মাণের চেষ্টা করা হলে তিনি বাধা দেন। পরে ৯ জুন ইট, বালু ও সিমেন্ট দিয়ে স্থাপনা নির্মাণের চেষ্টার অভিযোগও করেন তিনি। এ ঘটনায় গত ২২ জুন চুয়াডাঙ্গার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মামলা করেন নাহিদ কবীর মনু। তাঁর ভাষ্য, ২৪ জুন দর্শনা থানার এএসআই রেজাউল করিমের স্বাক্ষরিত নোটিশ বিবাদী নাসির উদ্দিনকে দেওয়া হয়। গত ৩ সেপ্টেম্বর শুনানির পর মামলার পরবর্তী তারিখ ১১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। মামলাটি এখনো বিচারাধীন বলে জানান তিনি।


লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ২২ অক্টোবর বেলা ৩টার দিকে নাসির উদ্দিনের স্ত্রী ফেরদৌসী বেগম তাঁর দুই ছেলে বাহাউদ্দিন কবীর ও শাহরিয়ার কবীর অঙ্কুরকে নিয়ে বিরোধপূর্ণ জমিতে টিনের চালা তৈরি করে ওপরে তুলে রাখেন। খবর পেয়ে দর্শনা থানার এএসআই আরিফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাঁদের নিষেধ করেন। তবে তাঁরা চালাটি সরিয়ে নেননি বলে অভিযোগ করেন নাহিদ কবীর মনু।


এ ছাড়া গত ১২ অক্টোবর দুপুর ১টা ১৫ মিনিটের দিকে ইমরান নামের এক ব্যক্তি মুঠোফোনে তাঁকে জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ ও হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। এ কথোপকথনের ১২ মিনিট ৩ সেকেন্ডের একটি অডিও রেকর্ড রয়েছে বলেও দাবি করেন নাহিদ। পাশাপাশি শাহরিয়ার কবীর অঙ্কুর হোয়াটসঅ্যাপে খুদে বার্তার মাধ্যমে হুমকি দিয়েছেন বলে অভিযোগ তাঁর।


অভিযোগগুলোর বিষয়ে বক্তব্য জানতে ইমরান হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেকে ঢাকার গুলশানের একজন ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন। কথোপকথনে জমি নিয়ে বিরোধের বিষয়ে মধ্যস্থতার ভূমিকা রাখার আগ্রহের কথাও উঠে আসে। তবে অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে একপর্যায়ে কথোপকথন উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় তিনি সাংবাদিকের প্রেসক্লাবের পদ ও পেশাগত ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘আপনি প্রেসক্লাবের সভাপতি-সেক্রেটারি, তাই কী হয়েছে? ... আমি ভয় পেয়ে বসে থাকব?’ এছাড়া ‘আপনি কি দর্শনার পুরো দায়িত্ব নিয়ে বসে আছেন?’ বলেও প্রশ্ন করেন তিনি।


কথোপকথনে থানার ওসিকে ফোন করার কথাও বলেন ইমরান। অভিযোগকারী পক্ষ তাঁর এসব বক্তব্যকে হুমকিসুলভ আচরণ হিসেবে দেখছে। তবে জমি নিয়ে বিরোধের বিষয়ে ইমরান হোসাইনের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি আজ জানতে পেরেছি। আমি পুলিশ পাঠিয়েছিলাম। উভয় পক্ষকে ডাকা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে নাসির উদ্দিন ও তাঁর স্ত্রী ফেরদৌসী বেগমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)