আলমডাঙ্গায় সিজারের পর প্রসূতির মৃত্যু

আপলোড তারিখঃ 2026-10-21 ইং
আলমডাঙ্গায় সিজারের পর প্রসূতির মৃত্যু ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সিজারিয়ান অস্ত্রোপচারের প্রায় ২৪ ঘণ্টার মধ্যে জান্নাতুল খাতুন (১৯) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। প্রথম সন্তান জন্ম দেওয়ার পর মায়ের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। বেঁচে আছে নবজাতক পুত্রসন্তানটি। গত সোমবার দুপুরে আলমডাঙ্গা শহরের ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে জান্নাতুলের সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়।


অস্ত্রোপচারের পর মা ও নবজাতক দুজনই সুস্থ ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে গভীর রাতে জান্নাতুলের শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। জান্নাতুল আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নের কেদারনগর গ্রামের জীবন আলীর স্ত্রী। তিনি একই গ্রামের জাহাঙ্গীর আলীর মেয়ে। এটি ছিল তাঁর প্রথম সন্তান।


পরিবারের সদস্যরা জানান, সোমবার সকালে জান্নাতুলের প্রসববেদনা ও পানি ভাঙা শুরু হলে তাঁকে দ্রুত ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে সকাল থেকে দুপুর পর্যন্ত চিকিৎসা দেওয়ার পর গাইনি চিকিৎসক নজরুল ইসলাম তাঁর সিজারিয়ান অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারে অ্যানেসথেসিয়া দেন চিকিৎসক আব্দুস সালাম। অস্ত্রোপচারের পর মা ও নবজাতক ভালো ছিল।


পরিবারের দাবি, অস্ত্রোপচারের প্রায় ১৮ ঘণ্টা পর গভীর রাতে জান্নাতুলের শ্বাসকষ্ট শুরু হয়। এসময় নার্সদের ডাকা হলে তাঁরা অক্সিজেন দেন এবং চিকিৎসককে ডেকে আনেন। পরে অবস্থার উন্নতির জন্য পরিবারের সদস্যরা ভোরে তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


জান্নাতুলের মা ও শাশুড়ি জানান, অস্ত্রোপচারের পর তিনি স্বাভাবিক ছিলেন। রাতে নিজেই বিছানায় এপাশ-ওপাশ করে ঘুমাচ্ছিলেন। হঠাৎ গভীর রাতে শ^াসকষ্ট শুরু হলে তাঁরা নার্সদের ডাকেন। পরে অক্সিজেন দেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।


মৃত্যুর পর জান্নাতুলের মরদেহ স্বামীর বাড়িতে নেওয়া হয়। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। গতকাল মঙ্গলবার বিকেলে গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)